
বিশ্বকাপের আগে বেড়িয়ে পড়ল কঙ্কাল
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : কিউয়িদের ডেরায় শেষ দুই ম্যাচে ভারতীয় ব্যাটিং ধস৷ যা দেখে কোহলি নিশ্চয় নিজেদের ডেরায় অজিদের বিরুদ্ধে সিরিজ জিতে আর বিশ্রামে যাওয়ায় সাহস দেখাবেন না!
ওয়েলিংটনে ভারত-নিউজিল্যান্ডের পঞ্চম ওয়ান ডে ম্যাচের প্রথম দশ ওভারের ছবিটা দেখে এভাবেই ঠোঁটকাটা শব্দে ফেসবুক ওয়াল ভরিয়ে দিচ্ছেন ক্রিকেটভক্তরা৷ সোজা কথা সোজাভাবে লিখছে জেন ওয়াই৷ প্রিয় দলের কঙ্কাল বেড়িয়ে পড়লে কারই বা ভালো লাগে৷ কোহলির অনুপস্থিতি ভারতীয় ব্যাটিংয়ে কঙ্কাল বেড়িয়ে পড়ায় তুলোধোনা শুরু মেন ইন ব্লু’র৷ উল্লেখ্য সিরিজের প্রথম তিন ম্যাচের পর বিশ্রামে গিয়েছেন বিরাট৷
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত৷ দলে দুই অল-রাউন্ডার খেলিয়ে ইঙ্গিত স্পষ্ট ছিল, হ্যামিল্টনের ৯২ রানে গুটিয়ে যাওয়ায় ধাক্কা কাটাতেই সতর্ক টিম ইন্ডিয়া৷ কিন্তু কোথায় কী৷ এদিনও ভুলে ভরা সিদ্ধান্তের মাশুল গুনলেন রোহিত-ধাওয়ানরা৷
ম্যাট হেনরির যে বলটা রোহিত ফিরলেন(২ রান), সেটায় হিটম্যানের দোষের চেয়েও বোলারের দক্ষতাকে সম্মান জানাতে হবে৷ বাকিদের ব্যাটিং সেই ভুলে ভরা৷ দায়িত্বজ্ঞানহীন শটে সাজঘরে ফেরার অভ্যস থেকে আজও বেড়োতে পারলেন না ধাওয়ান(৬রান)৷
অনভিজ্ঞ শুভমন কিছুটা চেষ্টা করে(৭রান) সুইংয়ের সামনে মাথা নুইয়ে কভারে ক্যাচ দিয়ে বসেন৷ আর বোল্টের গতিতে বোল্ডে ধোনি(১ রান)৷ দশ ওভারে এটাই ভারতের ব্যাটিং শিরোনাম৷ পাওয়ার প্লে’র প্রথম দশ ওভার শেষে চার উইকেট হারিয়ে ভারতের ঝুলিতে মাত্র ২২ রান৷ নিউজিল্যান্ডের হয়ে হেনরি-বোল্ট জুটি দুটি করে(১০ ওভার পর্যন্ত) উইকেট নিয়েছেন৷
বিশ্বকাপের আগে এহেন ব্যাটিং দুর্দশা কোহলির রক্তচাপ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট! মিশন ২০১৯ এর আগে কিউয়ি সফর সত্যিই ভারতের কাছে এক ওয়েক আপ কল৷



