প্রবাস

এন আর বি ইঞ্জিনিয়ারদের সম্মেলনের নামে ক্রিমিনালদের প্রতারণা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ফেডারেল ক্রিমিনাল হিসেবে ৪০ মাস জেল খাটা এবং দুই মিলিয়ন ডলারের জরিমানা প্রদানকারি মো. আলমগীরকে মঞ্চে বসিয়ে নিউইয়র্কে টাউন হল মিটিংয়ের কঠোর সমালোচনা হচ্ছে। গত শনিবার ২৬ জানুয়ারি এ মিটিং হয়েছে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় একটি পার্টি হলে। ঢাকায় ‘এনআরবি ইঞ্জিনিয়ার কনভেনশন’র প্রস্তুতি আলোকে এ মিটিংয়ের মঞ্চে কেন ঐ ‘ফেডারেল ক্রিমিনাল’কে বসানো হয়েছিল-সে প্রশ্নও সুধীজনে। কারণ, ঐ লোকটি ইঞ্জিনিয়ার নন। কেবলমাত্র বিশেষ একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততাকে পুঁজি করে মঞ্চে বসে সে পুনরায় প্রবাসীদের সাথে প্রতারণার ফন্দি এঁটেছে বলেও গুঞ্জন উঠেছে কমিউনিটিতে। কারণ, তিন শতাধিক প্রবাসীর কাছে থেকে প্রতারণামূলকভাবে বেশ কয়েক মিলিয়ন হাতিয়ে নেয়ার মামলাতে মোহাম্মদ আলমগীর নামক ব্যক্তিটি ২০০৪ সালের ২৩ এপ্রিল দোষ স্বীকার করেন। এরপর জেল-জরিমানা করেছিলেন ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ফেডারেল কোর্ট।

যুক্তরাষ্ট্র বিচার বিভাগ এবং এফবিআইয়ের আর্কাইভে সার্চ দিলেই ভেসে উঠে মোহাম্মদ আলমগীরের অপকর্মের সব তথ্য। উল্লেখ্য, মার্কিন এটর্নী ছিলেন তিনি। পেশাগত অসদাচরণ, প্রতারণা, ধাপ্পাবাজির জন্যে তার এটর্নীশিপের সার্টিফিকেটও কেড়ে নিয়েছে মার্কিন সরকার।

এনআরবি কনভেনশনের হোস্ট ‘বিটুবি’র পোস্টার। এখানে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন উপদেষ্টা হিসেবে। আর টিমে রয়েছেন আজাদুৃল হকসহ অন্যদের সাথে মোহাম্মদ আলমগীর।

টেক্সাস অঙ্গরাজ্যে বসবাসকারী আজাদুল হক হচ্ছেন এনআরবি কনভেনশনের উদ্যোক্তা। তার সাথে হোস্ট কমিটিতে এমন কয়েকজনকে রাখা হয়েছে যারা ইঞ্জিনিয়ার নন এবং প্রবাস ও বাংলাদেশে তারা নানাভাবে বিতর্কিত। আজাদুল হক কয়েক বছর আগে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুসের মুখপাত্র হিসেবে কাজ করেছেন আমেরিকা ও বাংলাদেশে। উত্তর আমেরিকায় প্রবাসীদের মিলনমেলা হিসেবে পরিচিত ‘ফোবানা’র সেক্রেটারি থাকাকালে ২০১৪ সালে টেক্সাস ও বাংলাদেশে ড. মুহম্মদ ইউনূসের কর্মকান্ডের প্রবক্তা হিসেবে বেশ কটি ইভেন্টের আয়োজন করেন। যদিও এগুলোর সাথে ফোবানা নির্বাহী কমিটির কোন সম্পর্ক ছিল না। সেই একই আজাদুল হক অতি সম্প্রতি ‘এনআরবি কনভেনশন’র ঘোষণা দিয়েছেন। এর হোস্ট কমিটির আহবায়ক হিসেবে নিজের নাম ঘোষণা করলেও সদস্য সচিবসহ অন্য কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি। কো-হোস্ট হিসেবে ‘বিটুবি’ (ব্রিজ টু বাংলাদেশ) নামক একটি সংগঠনের তথ্য জানানো হয়েছে।

প্রবাসের অভিজ্ঞতায় বাংলাদেশী-আমেরিকানসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী ইঞ্জিনিয়াররা বাংলাদেশের কল্যাণে কিছু করতে আগ্রহী-এমন প্রত্যয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকায় একটি অভিজাত হোটেলে ঐ সম্মেলন আহবান করা হয়েছে। সম্মেলনের হোস্ট কমিটির এই টাউন হল মিটিংয়ের মঞ্চে আরো ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। ফেডারেল ক্রিমিনালকে কথিত ঐ সম্মেলনের হোস্ট কমিটিতে (বিটুবি) রাখার তথ্য আগে জানলে এই দুই কূটনীতিকের একজনও সেখানে উপস্থিত হতেন না বলে জানা গেছে। আরো অভিযোগ উঠেছে, এনআরবি কনভেনশনের হোস্ট সংগঠন ‘বিটুবি’ (ব্রিজ টু বাংলাদেশ)কমিটিতে আরো কয়েকজন রয়েছেন যারা কখনো কমিউনিটির কল্যাণমূলক কোন কাজে অবদান রেখেছেন বলে কেউ জানেন না। ইঞ্জিনিয়ার হিসেবেও তাদেরকে কেউ চেনেন না। তাই, ঘটা করে ঢাকায় সম্মেলন ডাকা এবং সেখানে বাংলাদেশের খ্যাতনামা কিছু ব্যক্তিকে জড়িত করার ঘটনায় নানা গুঞ্জন নিউইয়র্কসহ সমগ্র কমিউনিটিতে।

২০১৪ সালের ১৩ নভেম্বর বাংলাদেশে একটি অনুষ্ঠানে ড. মুহম্মদ ইউনূসের বক্তব্য সম্বলিত ছবির সামনে নতুন প্রজন্মকে ফোবানার সার্টিফিকেট দেন আজাদুল হক। ছবি-সংগ্রহ।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, কথিত ঐ কনভেনশনে সারাবিশ্বে কর্মরত বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের জড়ো করার কথা বলা হচ্ছে। সেখানে নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আজাদুল জানিয়েছেন এ সংবাদদাতাকে। এবং প্রধানমন্ত্রীর দফতরের বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তাও সহায়তা দিচ্ছেন এ সম্মেলনে-এ দাবিও করেন আজাদুল। সে কথা জানিয়ে এর আগে ওয়াশিংটন ডিসিতে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানেও প্রবাসের বহুল পরিচিত ইঞ্জিনিয়ারদের দেখা যায়নি। ফলে ঢাকায় দুদিনের এনআরবি ইঞ্জিনিয়ার কনভেনশনের আয়োজন নিয়ে আমেরিকা প্রবাসীদের প্রশ্ন ক্রমেই প্রবল হচ্ছে। ফোবানার নির্বাহী কমিটির বর্তমান ও সাবেক বেশ কয়েকজন কর্মকর্তা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘আগে ছিলেন ড. মুহম্মদ ইউনূসের মুখপাত্র, এখন হতে চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখপাত্র-এর মাজেজা কী’।

সূত্র:এনআরবি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension