প্রধান খবরভারত

ভারতে থেকে কিছু লোক পাকিস্তানের ভাষায় কথা বলে: মোদী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আরও একবার কংগ্রেস ও পাকিস্তানকে এক আসনে বসালেন৷ পুলওয়ামার ঘটনার পর তিনি ফটোশুটে ব্যস্ত ছিলেন বলে কংগ্রেস তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তার জবাব দিলেন রাজস্থানের জনসভা থেকে৷ নাম না করে কংগ্রেসকে বিঁধে তিনি বলেন, ‘‘কিছু লোক আছে যারা ভারতে থাকে৷ কিন্তু পাকিস্তানের মতো কথা বলে৷’’ এই সব ঘটনায় তিনি মর্মাহত বোধ করেন৷ জানান নরেন্দ্র মোদী৷

শনিবার রাজস্থানের টঙ্কে জনসভা ছিল প্রধানমন্ত্রীর৷ সেই জনসভা থেকে কংগ্রেসকে তুলোধনা করেন মোদী৷ তোপ দেগে জানান, তাঁকে ক্ষমতা থেকে সরাতে এই সব মানুষরা পাকিস্তানের সাহায্য চায়৷ মোদী বলেন, ‘‘কিছু মানুষ আছেন যারা দেশে থেকে পাকিস্তানের মতো কথা বলে৷ এরা পাকিস্তানে গিয়ে মোদীকে ক্ষমতা থেকে সরানোর কাকুতি মিনতি করে৷ মুম্বই হামলার পর পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়ার মতো সাহস এদের ছিল না৷’’

এদিকে পুলওয়ামার ঘটনার পর দেশজুড়ে কাশ্মীরিদের উপর হামলা নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী৷ হামলার নিন্দা করে তিনি বলেন, ‘‘আমাদের লড়াই কাশ্মীরের জন্য৷ কাশ্মীরিদের বিরুদ্ধে নয়৷ সন্ত্রাসবাদের কারণে কাশ্মীরিদের অনেক ভুগতে হয়েছে৷ গোটা দেশের তাদের পাশে এসে দাঁড়ানো উচিত৷’’ কাশ্মীরিদের দেশপ্রেম দেখে তাদের প্রশংসায় ভরিয়ে দেন মোদী৷ বলেন, ‘‘উপত্যকার পঞ্চায়েত প্রধান ও তৃণমূল স্তরের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করার সুযোগ হয়েছে৷ তাদের অনেকেই দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত বলে আমাকে জানিয়েছে৷’’

জম্মু কাশ্মীরকে জঙ্গি মুক্ত করতে আগামী দিনে বড়সড় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন মোদী৷ জানান, মুষ্টিমেয় কিছু মানুষের জন্য কাশ্মীরে সন্ত্রাসের জাল ৪০ বছর ধরে অনেক গভীরে চলে গিয়েছে৷ সেই জাল এবার ছিড়ে ফেলতে হবে৷ কেন্দ্র বড় পদক্ষেপ নিতে চলেছে৷ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ মোদী যখন একথা বলছেন তখন কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের ধরপাকড় চলছে৷ ১৩০ জন বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতার করা হয়েছে৷ এই পদক্ষেপের কথাই বলেছেন মোদী৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension