
ওবায়দুল কাদেরর আশু আরোগ্য কামনায় নিউইয়র্কে দোয়া-মাহফিল
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হলো। লগাতার তুষারপাত উপেক্ষা করেই নেতা-কর্মীরা জড়ো হন জ্যাকসন হাইটস সংলগ্ন তিতাস পার্টি হলে।
এ সময় প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী সকল প্রবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন সকল মসজিদ, মন্দির আর গীর্জায় ওবায়দুল কাদেরের জন্যে প্রার্থনা করতে। জাকারিয়া উল্লেখ করেন, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহকর্মী হিসেবে ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগে নবযুগের সূচনা ঘটিয়েছেন। তার মত সংগঠকের মাধ্যমেই টানা তৃতীয় বারের মত আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়েছে।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের দুই সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি এবং হাজী আব্দুল কাদের মিয়াও ওবায়দুল কাদেরের রোগ মুক্তির জন্যে সকল প্রবাসীকে দোয়া করার অনুরোধ জানান।
শেষে বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ইমাম কাজী কাইয়্যুমের নেতৃত্বে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লেিগর ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গির হোসেন, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরল আমিন বাবু, সহ সভাপতি মোহাম্মদ আলমগীর উদ্দীন, যুগ্ন-সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, সুমন মাহমুদ এবং নির্বাহী সদস্য এটিএম মাসুদ!এনআরবি নিউজ



