
অবশ্যই বাম-কংগ্রেসের জোটের প্রয়োজন ছিল: নেপালদেব
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ছোট বোন মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়া খুব দরকার ছিল। একই সঙ্গে খুব দরকার ছিল নিজেদের পরাক্রমী বলে মনে করা বিজেপিকেও বার্তা দেওয়া। সেই কারণেই দরকার ছিল বাম-কংগ্রেস জোট। প্রচারে বেরিয়ে বললেন সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য্য।
দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ত মনোনীত সিপিআইএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য্য। ওই কেন্দ্রে প্রার্থী তৃণমূল-বিজেপির পাশাপাশি কংগ্রেসও প্রার্থী ঘোষণা করেছে। জয়ের বিষয়ে বিশেষ প্রত্যয়ী গত দু’বারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী সৌগত রায়। জেতার বিষয়ে আশাবাদী বিজেপি প্রার্থী শমিক ভট্টাচার্য্য।
এই অবস্থায় দুই প্রকার ফুলকে পরাস্ত করতে বাম-কংগ্রেস জোট গুরুত্বপূর্ণ ছিল বলে দাবি করলেন বাম প্রার্থী। বৃহস্পতিবার নেপালদেব বাবু দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পানিহাটি পুরসভা অঞ্চলের বেশ কয়েকটি ওয়ার্ডে প্রচার করেন দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে। সেই সময়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিপ্রায়ের কথা বলেন তিনি। তাঁর কথায়, “অবশ্যই বাম ও কংগ্রেসের জোটের প্রয়োজন ছিল। জোট হলে মানুষের কাছে বিজেপির বিরুদ্ধে এবং বিজেপির ছোট বোন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংঘবদ্ধ একটা বার্তা যেত, যেখানে মানুষ বুঝতে পারত বাম ও কংগ্রেস একসঙ্গে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। সেই বার্তা গেল না।”
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে জোট করে লড়াই করেছিল কংগ্রেস এবং বামফ্রন্ট। যদিও সেই জোট বিশেষ সাফল্য পায়নি। তারপরে রাজ্যের একাধিক উপনির্বাচনে আলাদা আলাদা প্রার্থী দেয় দুই দল। সপ্তদশ লোকসভা নির্বাচনের আগেও সেই সম্ভাবনা দেখা দিয়েছিল। যদিও শেষ মুহূর্তে ভেস্তে যায় সকল সম্ভাবনা। একলা চলার পথে হেঁটেছে দুই দল।
অন্যদিকে ব্যারাকপুরে কংগ্রেস প্রার্থী মহম্মদ আলমের প্রচারে এসে কয়েকদিন আগে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলে ছিলেন, “বাম কর্মীদের ভোট নষ্ট না করে তারা সেই ভোট যেন কংগ্রেসকে দেয়।” এই প্রশ্নের উত্তরে নেপাল দেব ভট্টাচার্য্য সাংবাদিকদের বলেন,”আমার সঙ্গে অনেক কংগ্রেস নেতাই যোগাযোগ করে বলেছে তাদের সমর্থন আমার সঙ্গে আছে। তাই মানুষ এবার আগের মতো ২০১৪ সালের ভুল আর করবে না। এবার বিজেপির হাত থেকে মানুষ পরিত্রাণ চাইছে।”
এদিন নেপাল দেব ভট্টাচার্য্য পায়ে হেঁটে এবং হুড খোলা টোটো গাড়িতে করে পানিহাটি এবং ঘোলা অঞ্চলে প্রচার সারেন।



