
নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঐতিহাসিক “মুজিবনগর দিবস” পালিত
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নাইজেরিয়ার রাজধানী আবুজাস্থ বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় ১৯৭১ সালের ১৭ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের ঐতিহাসিক দিনটিকে আজ (১৭ এপ্রিল ২০১৯) “মুজিবনগর দিবস” হিসেবে পালন করে। অনুষ্ঠানের সর্বপ্রথমে সকল শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীবরতা পালন করা হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবসের উপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়।
চ্যান্সেরীতে আয়োজিত আলোচনা সভায় হাইকমিশনার জনাব মোঃ শামীম আহসান,এনডিসি, বাংলাদেশের অভ্যূদয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এসময় তিনি নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে জাতীয় চার নেতার অবদান এর কথা বিশেষভাবে উল্লেখ করেন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কর্মকান্ডের সমন্বয়ের কঠিন দায়িত্ব পালন বিশেষ করে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে মুজিবনগর সরকারের ভূমিকার কথা তিনি উল্লেখ করেন।

এ প্রসঙ্গে হাইকমিশনার জাতির পিতার স্বপ্ন “সোনার বাংলা” প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। তিনি একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অভিযাত্রা সম্পর্কেও আলোকপাত করেন। আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশী এবং হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। দেশের অব্যাহত সমৃদ্ধি ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্ত হয়।



