
সেলফি তুলতে পোজ দেয় যে গরিলা
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একজন বনরক্ষীর তোলা সেলফিতে দু’টি গরিলার স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার বিষয়টি আলোচনা তৈরি করেছে। চোরাশিকারীদের হাতে তাদের বাবা-মা মারা যাবার পর কঙ্গোতে অবস্থিত গরিলাদের অনাথাশ্রম ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে ছবির গোরিলাগুলো বেড়ে ওঠে।
পার্কটির উপ-পরিচালক বলেন, যেই সেবকরা শৈশব থেকে তাদের দেখাশোনা করেছে, গরিলাগুলো তাদের সেবকদের অনুকরণ করতে শিখেছে। গরিলাগুলো মন করে পার্কের ঐ বনরক্ষীরা তাদের অভিভাবক।
উপ-পরিচালক ইনোসেন্ট এমবুরানুমওয়ে জানান যে ঐ দু’টি গরিলার মা ২০০৭ সালে চোরাশিকারীদের হাতে মারা যায়। সেসময় গরিলা দু’টির বয়স ছিল দুই এবং চার মাস। ওই ঘটনার কিছুদিন পর তাদের ভিরুঙ্গার সেঙ্কুয়েকুয়ে আশ্রমে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তারা বেড়ে ওঠে।
এমবুরানুমওয়ে বলেন, যেহেতু তারা মানুষের সান্নিধ্য পেয়ে বড় হয়েছে, তাই গরিলাগুলো মানুষের অনুকরণ করে এবং মানুষের মত দুই পায়ে দাঁড়িয়ে ছবি তুলেছে। তবে সাধারণত গরিলারা এরকম করে না। আমি ছবিটি দেখে ভীষণ অবাক হয়েছি…এটি হাস্যকরও। একটি গোরিলা দুই পায়ে দাঁড়িয়ে মানুষের অনুকরণ করছে – বিষয়টি দেখতে যথেষ্ট হাস্যকর।’
আপাতদৃষ্টিতে দেখে মজার কাজ মনে হলেও কঙ্গোতে বনরক্ষীর পেশাটি যথেষ্ট বিপদজনক। ১৯৯৬ সাল থেকে ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের ১৩০ জন বনরক্ষী নিহত হয়েছেন। কঙ্গোর পূর্বাঞ্চলে সরকারের সাথে বিভিন্ন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সংঘাতের ঘটনা ঘটে থাকে প্রায়ই।
এই গ্রুপগুলোর কয়েকটির ঘাঁটি ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে এবং তাদের অনেকেই পশু চোরাশিকারের সাথে জড়িত থাকে।
সূত্র: বিবিসি বাংলা



