প্রধান খবরভারত

৩ লক্ষ ভোটের ব্যবধানে না জিতলে বুঝব নির্বাচন অবাধ হয়নি: আজম খান

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর জয়ের ব্যবধান হবে তিন লক্ষ ভোট৷ আর সেই ভোট না পেলে বুঝবেন নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়নি৷ ইভিএম গড়বড় নিয়ে দেশজুড়ে যখন হইচই বাধিয়েছে বিরোধীরা তখন সমাজবাদী নেতা আজম খানের এই মন্তব্য আগুনে ঘি ঢালার কাজ করল বলে মনে করছে রাজনৈতিক মহল৷

ইভিএম সুরক্ষা নিয়ে তোলপাড় গোটা দেশ৷ সাতদফার ভোট শেষ হওয়ার পর সপা, বসপা উত্তরপ্রদেশের অনেক জায়গায় ইভিএম বদলের অভিযোগ আনে৷ এছাড়া বিজেপি শাসিত বিহার থেকে ইভিএম বদলের অভিযোগ ওঠে৷ একের পর এক রিপোর্ট আসার পর বিরোধী দলগুলি ছোটে কমিশনের কাছে৷ যদিও নির্বাচন কমিশন ইভিএমে গণ্ডগোলের যাবতীয় অভিযোগ অস্বীকার করে৷

নির্বাচন কমিশনের কাছে বিরোধীদের দাবি ছিল, ভিভিপ্যাট স্লিপের সঙ্গে ইভিএমের প্রদত্ত ভোটের ১০০ শতাংশ মিলিয়ে দেখতে হবে৷ ভিভিপ্যাটের প্রসঙ্গ উঠতে সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করেন মুখ্য নির্বাচন কমিশন৷ তাতেও বিরোধীদের মধ্যে দমে যাওয়ার লক্ষণ দেখা যায়নি৷ পরে কমিশন বিবৃতি দিয়ে জানায়, ইভিএম রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে সিল করা হয়েছে৷ স্ট্রংরুমে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে৷ বাইরে নিরাপত্তা বাহিনী পাহাড়া দিচ্ছে৷ ফলে ইভিএম নিয়ে যে অভিযোগ উঠছে তা ভিত্তিহীন৷

উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন আজম খান৷ বিপরীতে দাঁড়িয়েছেন বিজেপির জয়া প্রদা৷ একসময় জয়া প্রদা ছিলেন আজম খানের সহকর্মী৷ কিন্তু দলবিরোধী কাজের পর সপা থেকে বহিস্কারের পর জয়া আসেন বিজেপিতে৷ আজম খানের বিরুদ্ধে প্রার্থী করা হয় তাঁকে৷ প্রচার চলাকালীন আজম খান বারবার জয়া প্রদাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোড়ন ফেলে দেন৷ প্ররোচনামূলক মন্তব্য করার জন্য সপা প্রার্থীকে দু’বার কমিশনের শাস্তি মুখে পড়তে হয়৷ তারপরেও আজম খান আছেন আজম খানেই৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension