প্রধান খবরবাংলাদেশ

ফখরুলের আসনে খালেদাকে বিএনপির মনোনয়ন!

রূপসী বাংলা নিউজ ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া আরো চারজনকে এ তালিকায় রাখা হয়েছে। তাদের আগামী ২৩ মে নির্ধারিত দিনে মনোনয়নপত্র দাখিল করতে বলা হয়েছে। পরে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় একজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। মঙ্গলবার বিকেলে স্কাইপের মাধ্যমে এ নির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পলাতক তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ।

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে খালেদা জিয়া ছাড়া প্রাথমিক মনোনয়ন পেয়েছেন- বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।

জানা যায়, বগুড়া-৬ (সদর) আসনে প্রার্থী মনোনয়নের জন্য মঙ্গলবার বিকেলে ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সভা হয়। সেখানে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সভায় স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হন। তিনি সবার সঙ্গে কথা বলেন ও সবার মতামতের ভিত্তিতে এ উপ-নির্বাচনে প্রাথমিকভাবে ৫ জনকে মনোনয়নপত্র দাখিল করতে বলেন।

খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত বগুড়া-৬ (সদর) আসনে গত বছরের ৩০ ডিসেম্বর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নির্বাচিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ না করায় গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ৮ মে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

প্রসঙ্গত, আগামী ২৪ জুন বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটি বগুড়া জেলার যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension