
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুক্তরাজ্যে যুব মহিলা লীগের আলোচনাসভা
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পূর্ব লন্ডনে যুক্তরাজ্য যুব মহিলা লীগ ১৭ মে আয়োজন করে এক আলোচনা এবং দোয়া মাহফিলের।
যুক্তরাজ্য যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া সুলতানা স্নিগ্ধার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন নাহার লিনার সঞ্চালনায় বক্তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে বাংলাদেশে। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের এ দিনে দেশে ফেরেন তার এই জ্যেষ্ঠ কন্যা। ওই দিন শেখ হাসিনাকে বহনকারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকার তৎকালীন কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে তাকে একনজর দেখার জন্য লাখো জনতার ঢল নামে। এ সময় সামরিকতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনতার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা বিমানবন্দর এলাকা। বাংলার জনসাধারণ আবার স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়।
আলোচনাপর্ব শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুব মহিলা লীগের সালমা আক্তার, নাজমা সুলতানা নার্গিস, সিল্ভিয়া মশিউর, সোনিয়া সুলতানা, সুফিয়া জেমিন, নার্গিস রাহাত, রাদিয়া জামান, পলি রহমান, সোহা প্রমুখ।



