প্রধান খবরবাংলাদেশ

মনোনয়নপত্র নিলেও জমা দিচ্ছেন না খালেদা

রূপসী বাংলা নিউজ ডেস্ক: বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও, তা আর জমা দেওয়া হচ্ছে না। বুধবার সন্ধ্যায় বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন দলটির চেয়ারপাসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ পাঁচজনের নামে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বাকিরা হলেন-বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জি এম সিরাজ, পৌর মেয়র মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

জানা যায়, গতকাল মঙ্গলবার (২১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সে বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বগুড়ার নেতারা বগুড়া-৬ আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী করতে তারেক রহমানকে অনুরোধ করেন। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াসহ পাঁচ জনের নামে মনোনয়ন সংগ্রহের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

কিন্তু বুধবার রাজধানীর বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া মনোনয়নপত্র জমা দানে অসম্মতি জানিয়েছেন।

প্রসঙ্গত, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। কিন্তু ‘কৌশলগত’ কারণে তিনি শপথ নেওয়া থেকে বিরত থাকেন। ৩০ এপ্রিল তার আসন শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার।

এরইমধ্যে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ২৩ মে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। বাছাই হবে ২৭ মে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension