
৩০শে মে শপথ মোদীর, ট্যুইট রাষ্ট্রপতি ভবনের
রূপসী বাংলা নিউজ ডেস্ক: ফের একবার মোদী সরকার৷ আগামী ৩০শে মে প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা৷ রবিবার ট্যুইট করে এমনই তথ্য দিল রাষ্ট্রপতি ভবন৷ সন্ধে ৭টা নাগাদ শুরু হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান৷
রাষ্ট্রপতি ভবন জানিয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ ভারতের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনও অকংগ্রেসী দল দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় বসতে চলেছে৷
উল্লেখ্য, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি৷ ইতিমধ্যেই এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী৷ শরিক নেতারা সেখানেই ফের তাঁকে বেছে নিয়েছেন শাসক জোটের নেতা হিসাবে৷

অন্যদিকে, দিল্লিতেই বসেছে বিজেপির জয়ী প্রার্থীদেরও বৈঠক৷ বাংলা থেকে দিল্লি পৌঁছে গিয়েছেন ১৮ গেরুয়া সাংসদও৷ বিজেপি নবনির্বাচিত প্রার্থীরা মোদীকে সংসদীয় দলের নেতা নির্বাচন করেছেন৷
সূত্রের খবর, শরিকদের মধ্যে শিবসেনা তিনটি পূর্ণ মন্ত্রক পেতে পারেন৷ বিহারে ‘মহাগঠবন্ধন’ মুখ থুবড়ে পড়েছে৷ নীতীশ কুমারের জেডিইউ ও বিজেপি ভালো ফল করেছে৷ ফলে তাদের ঝুলিতেও যেতে পারে তিনটি মন্ত্রী পদ৷ এর মধ্যে হয়তো দু’টি পূর্ণমন্ত্রী পদ পাবে জেডিইউ৷
পাসোয়ানের দলের জন্য বরাদ্দ একটি মন্ত্রীত্ব পদ৷ দেখার রামবিলাস পাসোনান নিজেই তা গ্রহণ করেন, নাকি ছেলে চিরাগকে এগিয়ে দেবেন মন্ত্রীত্বের জন্য৷ জানা গিয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে আঞ্চলিক শক্তিগুলির সঙ্গে জোট বেঁধে লাভ হয়েছে গেরুয়া শিবিরের৷ ফলে ছোট শরিকদের থেকেও কয়েকজনকে রাষ্ট্রমন্ত্রী করা হতে পারে৷
মোদী ম্যাজিক অব্যাহত দেশজুড়ে৷ ৩০৩ আসন পেয়েছে বিজেপি৷ এনডিএ পেয়েছে ৩৫৩ আসন৷ এই অবস্থায় মোদী একাই বারাণসী থেকে জিতেছেন প্রায় সাড়ে চার লক্ষ ভোটের ব্যবধানে৷
দলীয় সূত্রে খবর, আগামী ২৮মে মোদী যেতে পারেন বারাণসীতে৷ করবেন বিশাল রোড শো৷ তারপর গঙ্গা আরতিতে অংশ নেবেন৷ মোদীর এই সফর ঘিরে উত্তরপ্রদেশ বিজেপির মধ্যে ব্যস্ততা তুঙ্গে৷ ঐতিহাসিক জয়ের পর প্রথম রোড শো মোদীর৷ রোড শো মেগা হিট করার দায়িত্ব কাধে তুলে নিয়েছে যোগী ব্রিগেড৷



