
জোড়া ওয়ার্ম-আপ জিতে বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নের মতোই বিশ্বকাপ অভিযান শুর করছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া৷ দু’টি ওয়ার্ম-আপ ম্যাচে প্রতিপক্ষকে হেলায় হারিয়ে বিশ্বকাপ খেলতে নামচে ফিঞ্চ অ্যান্ড কোং৷ প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর সোমবার শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারায় অজিবাহিনী৷
রোজ বোলে ২৪০ রান তাড়া করে ৪৪.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া৷ শনিবার প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ রানে জিতেছিল ফিঞ্চরা৷ এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দেয় অজি থিঙ্কট্যাঙ্ক৷ ফলে এদিন ক্যাপ্টেন অ্যারোন ফিঞ্চের সঙ্গে অজি ইনিংস শুরু করেন উসমান খোয়াজা৷
খোয়াজার দুরন্ত ব্যাটিং রান তাড়া করতে বিশেষ বেগ পেতে হয়নি অজিদের৷ ৮৯ রানের ইনিংস খেলেন খোয়াজা৷ ১০৫ বলের ইনিংসে মাত্র তিনটি বাউন্ডারি মারেন বাঁ-হাতি টপ-অর্ডার অজি ব্যাটসম্যান৷ ক্যাপ্টেন ফিঞ্চ অবশ্য রান পাননি৷ ব্যক্তিগত ১১ রান করে ড্রেসিংরুমে ফেরেন তিনি৷ তবে শন মার্শ ৩৪, গ্লেন ম্যাক্সওয়েল ৩৬ এবং মার্কাস স্টওনিস ৩২ রান করেন৷ এদিন খেললেও ব্যাটিং করেননি প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ৷
প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন স্মিথ৷ ১০২ বলে ১১৬ রান করেছিলেন প্রাক্তন অধিনায়ক৷ ৪৩ রান করেছিলন ওয়ার্নার৷ সুতরাং এই দু’জনকে বাদ দিয়ে বাকিদের এদিন দেখে নেয় অজি টিম ম্যানেজমেন্ট৷ আগের ম্যাচে ম্যাক্সওয়েল না-খেললেও এদিন ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে হার্ড-হিটি অজি ব্যাটসম্যান৷
এদিন প্রথম ব্যাটিং করে ৮ উইকেটে ২৩৯ রান তোলে শ্রীলঙ্কা৷ ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকে এদিন লঙ্কান ইনিংসের হাল ধরেন ওপেনার লাহিরু থিরিমানে৷ ৬৯ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান৷ অধিনায়ক করুণারত্নে করেন ১৬ রান৷ ওপেনিংয়ে থিরিমানে ভরসা দিলেও মিডল অর্ডারে ভরাডুবি শ্রীলঙ্কার৷
মিডল অর্ডারে ধনঞ্জয় ডি’সিলভা ৪৩ ছাড়া বাকিরা সম্মানজনক রান পাননি৷ স্টার্কের দুরন্ত গতির সামনে পরাস্ত হয়ে বোল্ড না-হলে এদিন অর্ধশতরান পাকা ছিল ডি’সিলভার৷ ৯ ওভারে ৩৯ রান খরচ করে ২ উইকেট তুলে নেন জাম্পা৷ বাকিদের মধ্যে স্টার্ক, কামিন্স, রিচার্ডসন, স্মিথ ও লায়ন একটি করে উইকেট পেয়েছেন৷ ১ জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷
শ্রীলঙ্কা অবশ্য দু’টি প্রস্তুতি ম্যাচ হেরে বিশ্বকাপে নামছে৷ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৭ রান হেরেছিল ১৯৯৬-এর বিশ্বচ্যাম্পিয়নরা৷ এদিন অজিদের কাছে ৫ উইকেট হার৷ ১ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে লঙ্কাবাহিনী৷



