
খালেদা জিয়ার জামিন হবে কী?
রূপসী বাংলা ডেস্ক:জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে রোববার আদেশ দেবেন হাইকোর্ট। এই মামলায় রোববারই খালেদা জিয়া জামিন পাবেন এবং তাকে অন্য কোন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হবে না- বলে মনে করছেন তার আইনজীবীরা এবং বিএনপিপন্থি আইনজীবী নেতারা। বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রশ্ন, আজ খালেদা জিয়ার জামিন হবে কী?
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, আমি মনে করি, এই মামলায় জামিন দেওয়া কথা। তিনি (খালেদা জিয়া) তিন তিন বারের প্রধানমন্ত্রী। সুতরাং দেশে যদি আইনের শাসন থাকে তাহলে বেগম খালেদা জিয়াকে জামিন দেবেন। তাই আমরা অবশ্যই জামিনের আশাবাদী।
এই দুর্নীতি মামলায় খালেদা জিয়া জামিন পেলেও অন্য কোন মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হতে পারে কি না- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম জিয়াকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে কি না তা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন। আমি বলতে পারবো না।
এই বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমরা আশা করছি, রোববার আদালত জামিন আদেশ দিবেন। আর দেশের মানুষে নিম্ন আদালতের উপর আস্থাশীল না হলেও উচ্চ আদালতের উপর আস্থাশীল। সুতরাং রোববার আদালত বিচার-বিশ্লেষণ করে তার (খালেদা জিয়ার) জামিনের আদেশ দিবেন।
একই বিষয়ে দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাংলাদেশ জার্নালকে বলেন, আমরা আশাবাদী বেগম খালেদা জিয়ার জামিন হবে। আর খালেদা জিয়াকে অন্য কোন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হতে পারে, এই আশঙ্কাও আমরা করছি না।
গত ২৫ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বিএনপি চেয়ারপারসনের জামির আবেদনের ওপর শুনানি হয়। সেদিন আদেশ না দিয়ে নথি দেখে সিদ্ধান্ত জানানোর কথা বলেন দুই বিচারপতি। এর আগে ২২ ফেব্রুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ খালেদা জিয়ার করা আপিল গ্রহণ করে ১৫ দিনের মধ্যে মামলার নথি পাঠানোর আদেশ দেন। সেই অনুযায়ী ৭ মার্চ সেই সময় শেষ হয়েছে তবে হাইকোর্টের আদেশের কপি বিচারিক আদালতে পৌঁছেছে ২৫ ফেব্রুয়ারি। সেই অনুযায়ী আজ ১৫ দিন হচ্ছে।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির সবাইকে মোট দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেন।bd-journal



