খেলা

অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালের অঙ্ক জটিল করল নিউজিল্যান্ড

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ইতিমধ্যেই চলতি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে৷ নিউজিল্যান্ডের কাছে সুযোগ ছিল অজিদের পরাজিত করে শেষ চারের নিরাপদ বৃত্তে ঢুকে পড়ার৷ লর্ডসে শেষমেশ অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে পরাজিত হয় কিউয়িরা৷ ফলে তাদের সামনে সেমিফাইনালের অঙ্ক তুলনায় জটিল হয়ে দাঁড়ায়৷

ঐতিহাসিক লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে৷ উসমান খোওয়াজা ও অ্যালেক্স ক্যারি লড়াকু হাফসেঞ্চুরি করেন৷ শেষ ওভারের হ্যাটট্রিক-সহ নজর কাড়া বোলিং করেন ট্রেন্ট বোল্ট৷ তাঁকে যোগ্য সহায়তা করেন অপর দুই পেসার লোকি ফার্গুসন ও জিমি নিশাম৷

পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৩.৪ ওভারে ১৫৭ রানে অলআউট হয়ে যায়৷ কেন উইলিয়ামসন ও রস টেলর ছাড়া বলার মতো রান করতে পারেননি আর কেউই৷ মিচেল স্টার্ক চলতি বিশ্বকাপে দ্বিতীয়বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন৷ প্রভাবশালী বোলিং করেছেন জেসন বেহরেনডর্ফও৷ উইকেট পেয়েছেন প্যাট কামিন্স, নাথন লায়ন, স্টিভ স্মিথরাও৷

অ্যারন ফিঞ্চকে ৮ রানে এলবিডব্লুর ফাঁদে জড়িয়ে অজি ইনিংসে প্রথম ধাক্কা দেন বোল্ট৷ ফার্গুসন ফেরান ৯ রান করা ডেভিড ওয়ার্নারকে৷ মাত্র ৩৮ রানের মধ্যে ফর্মে থাকা দুই ওপেনারকে হারিয়ে বসে অস্ট্রেলিয়া৷ স্টিভ স্মিথ মাত্র ৫ রান করে ফার্গুসনের দ্বিতীয় শিকার হন৷ অল-রাউন্ডার মার্কাস স্টোইনিস ২১ রান করে নিশামের বলে লাথামের দস্তানায় ধরা পড়েন৷ আর এক অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ১ রান করে নিশামের বলেই সাজঘরে ফেরেন৷ অস্ট্রেলিয়া ৯২ রানের মাথায় অর্ধেক ব্যাটিং লাইনআপ খুইয়ে বসে৷

অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে খোওয়াজা দলকে দু’শো রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন৷ ষষ্ঠ উইকেটের জুটিতে দু’জনে মিলে ১০৭ রান যোগ করেন৷ তার মধ্যে ক্যারির একার অবদান ৭১ রান৷ ৭২ বলের ইনিংসে তিনি ১১টি চার মারেন৷ শেষে উইলিয়ামসনের বলে গাপ্তিলের হাতে ধরা পড়েন অজি উইকেটকিপার৷

খোওয়াজা ১২৯ বলে ৮৮ রানের সতর্ক ইনিংস খেলে বোল্টের বলে বোল্ড হন৷ ঠিক তার পরের দু’টি বলে মিচেল স্টার্ক (০) ও জেসন বেহরেনডর্ফকে (০) আউট করে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন বোল্ট৷ মহম্মদ শামির পর চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিকের ঘটনা৷ সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে ১১ তম হ্যাটট্রিক এটি৷ নাথন লায়ন ০ ও প্যাট কামিন্স ২৩ রানে অপরাজিত থাকেন৷

বোল্ট ৫১ রানে ৪টি উইকেট দখল করেন৷ জিমি নিশাম ২৮ রানে ২টি উইকেট নেন৷ লোকি ফার্গুসন নিয়েছেন ৪৯ রানে ২টি উইকেট৷ ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড একবারের জন্যও স্বস্তিতে ছিল না৷ নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকে কিউয়িরা৷ দুই ওপেনার মার্টিন গাপ্তিল (২০) ও হেনরি নিকোলসকে (৮) ছেঁটে ফেলেন বেহরেনডর্ফ৷ কেন উইলিয়ামসন দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করে স্টার্কের শিকার হন৷ ৩০ রান করে কামিন্সের বলে আউট হন টেলর৷ খাতা খোলার আগেই কলিন ডি গ্র্যান্ডহোমকে সাজঘরে ফেরান স্টিভ স্মিথ৷ জিমি নিশামের (৯) উইকেট নেন লায়ন৷

লাথাম (১৪), স্যান্টনার (১২), সোধি (৫) ও ফার্গুসনকে (০) ফিরিয়ে নিউজিল্যান্ডের ইনিংসে দাঁড়ি টেনে দেন স্টার্ক৷ বোল্ট অপরাজিত থাকেন ২ রানে৷ স্টার্ক ২৬ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন৷ টুর্নামেন্টে এই নিয়ে ২৪টি উইকেট দখল করলেন তিনি৷ যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন অ্যালেক্স ক্যারি৷

অস্ট্রেলিয়ার কাছে হারের ফলে ৮ ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট দাঁড়ায় ১১৷ শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে না পারলে খাতায়-কলমে সেমিফাইনালের টিকিট হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকছে কিউয়িদের৷ তবে সব কিছু নির্ভর করছে ভারত-ইংল্যান্ড মহারণের উপর৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension