
২০২১ বিধানসভা নির্বাচন: লড়ার সিদ্ধান্ত আসাদ্দুদিন ওয়াসির, মমতাকে বার্তা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্কই রেখে এসেছে অল ইণ্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন৷ এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াসিও বেশ কয়েক বার তৃণমূল নেত্রীর সঙ্গে সুর মিলিয়ে মোদী বিরোধিতা করেছেন৷ তবে এবার সুর কিছুটা অন্য ওয়াসির৷
এআইএমআইএমের জাতীয় মুখপাত্র ও পশ্চিমবঙ্গের দলীয় পর্যবেক্ষক অসীম ওয়াকার হিন্দিতে একটি ট্যুইট করেছেন৷ সেখানে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রীকে৷ তিনি বলেছেন এআইএমআইএম বাংলায় বিধানসভা নির্বাচনে লড়তে চায়৷ তবে মমতার দল তৃণমূল কংগ্রেস তাদের কীভাবে বিবেচনা করবে, সেটা তাঁদের হাতেই ছাড়া হল৷ বন্ধু হিসেবে বিবেচনা করলে ওয়াসির দল মমতার পাশে রয়েছে৷ আর শত্রু হিসেবে ধরলে তাও লড়াই করবে এআইএমআইএম৷
এর আগে বাংলার কোনও নির্বাচনে এআইএমআইএম প্রতিদ্বন্দ্বিতা করেনি৷ বাংলার মাটিতে তাদের কোনও দলীয় কার্যালয়ও নেই৷ কোনও কমিটি বা শাখা সংগঠনও নেই৷ তবে ধীরে ধীরে সংগঠন বিস্তার করতে উদ্যোগী হবে তারা বলে জানানো হয়েছে৷ তেলেঙ্গানার হায়দরাবাদের এই দলটি পশ্চিমবঙ্গে তাদের শাখা বিস্তার করতে চাইছে৷ এজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিও চেয়েছে তারা৷
অসীম ওয়াকার বলেন, এটা সত্যি যে জাতীয় দল হিসেবে দেখতে গেলে আমরা ছোট রাজনৈতিক দল৷ সেই অর্থে শক্তি নেই৷ কিন্তু দিদি (মমতা) যেন আমাদের শক্তি কম বলে অবজ্ঞা করবেন না৷ আমরা অ্যাটম বোম৷



