
এবার মশাবাহিত নতুন রোগ ট্রিপল-ই, যুক্তরাষ্ট্রে সতর্কতা
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, ভারত, চীনসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো যখন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ে আতঙ্কিত, ঠিক সেই সময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রশাসন মশাবাহিত নতুন এক রোগ সম্পর্কে সতর্কতা জারি করেছে।
জান গেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যেরও সাত শহরে সতর্কতা জারি করা হয়েছে। মশাবাহিত নতুন রোগ ট্রিপল-ইর কারণে ওই শহরগুলোতে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার অরেঞ্জ কাউন্টির ফ্লোরিডা স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, পরীক্ষাধীন অবস্থায় থাকা বেশ কয়েকটি মুরগির ওপর পরীক্ষা চালিয়ে ট্রিপল-ইর উপস্থিতি পাওয়া গেছে। যা সংক্রামিত মশার মাধ্যমে মানুষ কিংবা অন্য প্রাণীর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। এর ফলে মানুষের মস্তিষ্ক সংক্রমিত হতে পারে।
পরীক্ষাধীন মুরগির মাংস পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর মার্কিন স্বাস্থ্য বিভাগ মানুষসহ অন্য প্রাণীর মধ্যে সংক্রমণ হওয়ার ঝুঁকি বাড়ার সতর্কতা দেয়। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলো (সিডিসি) জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর মানুষের মধ্যে ট্রিপল-ই ভাইরাস আক্রান্তের মাত্র সাতটি প্রতিবেদন পাওয়া গেলেও এখন তা বাড়ছে।
অন্যদিকে এ বছর ৯২টি মশার শরীরে এই ভাইরাস শনাক্ত করা গেছে বলে ম্যাসাচুসেটসের গণস্বাস্থ্যবিভাগ নিশ্চিত করেছে। সংক্রমিত এসব মশার মাধ্যমে ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
এক বিবৃতিতে গণস্বাস্থ্য কমিশনার মোনিকা ভারেল বলেন, এই ভাইরাস আতঙ্ক বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে ট্রিপল-ই ভাইরাস পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে তা মারাত্মক হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। মশার কামড় থেকে নিজেদের সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।
এক কর্মকর্তা বলেন, এ বছর আমরা ট্রিপল-ই কে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা সম্ভাব্য ক্ষতির বিষয়ে উদ্বিগ্ন। তিনি আরও বলেন, ট্রিপল-ইর উচ্চ ঝুঁকি সম্পর্কে বাসিন্দাদের সচেতন করা জরুরি। গত সপ্তাহে এই ভাইরাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন ফ্লোরিডার স্বাস্থ্য কর্মকর্তারা।
ফ্লোরিডা স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বেশ কিছু মুরগির ওপর পরীক্ষা চালিয়ে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই ভাইরাস মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়া মানুষের প্রায় এক-তৃতীয়াংশই মারা যায়। আর বেঁচে থাকলেও স্নায়বিক বিভিন্ন সমস্যা দেখা দেয়।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, ভারত, ফিলিপাইনসহ বেশ কিছু দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। ঠিক এমন সময়েই মশাবাহিত এই নতুন ভাইরাস সম্পর্কে সতর্ক করল যুক্তরাষ্ট্র।



