
ডেঙ্গুতে কত জন মারা গেছেন জানেন না স্বাস্থ্যমন্ত্রী
রূপসী বাংলা নিউজ ডেস্ক: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কতজন মারা গেছেন তার সঠিক সংখ্যা জানা নেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের। শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডেঙ্গু রোগীদের দেখতে গিয়ে এ রোগে মাত্র ১৪ মারা গেছেন এমন তথ্য সাংবাদিকদের জানান তিনি। এসময় ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে মৃতের সংখ্যা আরও বেশি এমন তথ্য সাংবাদিকরা তাকে জানালে সঠিক সংখ্যা কত তা পরে জানাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
জানা গেছে, ডেঙ্গু আক্রান্তদের পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৪ জন মারা গেছে। এসময় সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ও বিএসএমএমইউ’তে দুইজন মারা গেছেন। এর বাইরেও দেশের বিভিন্ন স্থানে অনেকে মারা গেছেন বলে জানা গেছে।
সাংবাদিকরা বাকি মৃতের সংখ্যার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আরও ভালোভাবে জেনে আমি পরে জানাবো।’
জাহিদ মালেক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বিদেশ থেকে ওষুধ আনা হচ্ছে। ওষুধের কোনও সংকট হবে না। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার জন্য ইতোমধ্যে ২ লাখ কিট আনা হয়েছে। সুতরাং কোথাও পরীক্ষার সমস্যা হবে না।
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট নেই এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়টি দেখার জন্য গঠিত সেল কাজ করছে। তারা তদারকি করছে।
জাহিদ মালেক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। প্যানিকড হওয়ার কিছু নেই। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ৫০ লাখ ডেঙ্গু শনাক্তের কিট আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। দুই লাখ চলে এসেছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।



