প্রধান খবরভারত

শনিবারেই চূড়ান্ত তালিকা, দেশহীন হওয়ার আশঙ্কায় লক্ষ লক্ষ অসমবাসী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সময় এগিয়ে আসছে। বাড়ছে উৎকণ্ঠা। অসমবাসী প্রায় ৪১ লক্ষ মানুষের ভবিষ্যৎ কী হবে সেটাই প্রশ্ন। শনিবার প্রকাশিত হবে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের সর্বত্র জারি হয়েছে কড়া নিরাপত্তা।

গুয়াহাটি, বঙ্গাইগাঁও, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ জুড়ে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা থাকছে। অসম পুলিশের শীর্ষ কর্তা কুলাধর শইকিয়া জানিয়েছেন, যে কোনওরকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন।

এনআরসি খসড়া তালিকা থেকে বাদ পড়েছিলেন ৪০ লক্ষ ৭ হাজার জন। এর সঙ্গে পরে যু্ক্ত হয় আরও ১.২ লক্ষ জন। ফলে নাম কাটা পড়েছে এমন মানুষের সংখ্যা গিয়ে ঠেকেছে ৪১ লক্ষে।

স্বাধীনতার পর থেকে অসমে বেআইনিভাবে বসবাসকারীদের চিহ্নিত করতে এনআরসি প্রয়োগ করা হয়। এতে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৪ মার্চের আগে যারা অসমে বসবাস করা শুরু করেছেন তাদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করা হবে।

লাল তারিখ ২৪ মার্চ: ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধের চূড়ান্ত সময় তৈরি হয়েছিল। ২৫ মার্চ রাতে শুরু হয়েছিল পাকিস্তানি সেনার তরফে গণহত্যা। লাখে লাখে মানুষ পালিয়ে ভারতের বিভিন্ন রাজ্য চলে আসেন। এদের বেশিরভাগই ঠাঁই নেন পশ্চিমবাংলা, অসম, ত্রিপুরায়। টানা নয় মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধ শেষে ভারতীয় সেনার মদতে বাংলাদেশ তৈরি হয়। শরণার্থীদের অনেকেই থেকে যান ভারতে। পরে সময় বিশেষে বহু বাংলাদেশি দেশে ছেড়ে চলে আসতে থাকেন।

এই বিদেশিদের চিহ্নিত করতে অসমে বারবারই রাজনৈতিক দাবি উঠতে থাকে। পরে জাতীয় নাগরিকপঞ্জি নীতি প্রয়োগ করার কথা বলা হয়। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথম দফার এনডিএ সরকার তৈরির পরেই অসমে এনআরসি লাগু হয়।

আর প্রথম যে তালিকাটি প্রস্তুত হয় তাতে বাদ পড়েন প্রায় ৪০ লক্ষ। পরবর্তী সময়ে আরও ১ লক্ষের বেশি মানুষের নাম বাদ পড়েছে। সবমিলে ৪১ লক্ষের নাম বাতিল ঘিরে তীব্র উত্তেজনায় ফুটতে শুরু করেছে অসম। বাদ পড়া তালিকা বেশিরভাগই বাংলাভাষী। বিরোধীদের অভিযোগ, বাংলাভাষীদের দমিয়ে রাখতেই এই পদক্ষেপ তৈরি হয়েছে। তবে কেন্দ্র ও অসম সরকার জানিয়েছে, যাদের নাম বাদ পড়বে তারা পূর্ণাঙ্গ আইনি সহায়তা পাবেন।

অসমের অতিরিক্ত মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণা বিজ্ঞপ্তি জারি করে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনআরসি তালিকায় নাম থাকলেও কেউ বিদেশি বলে গণ্য হবেন না। এদিকে বাদ পড়েছেন এমন অনেকের ঠাঁই হয়েছে ডিটেনশন ক্যাম্পে। সেখানার পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। বহু মানুষ মনোরেগে আক্রান্ত হচ্ছেন।

আশঙ্কা, শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই রাজ্য বাঙালি ও অসমিয়াদের মধ্যে প্রবল দ্বন্দ্ব শুরু হবে। যদিও এর আগে থেকেই প্রবল বাঙালি বিরোধী সংগঠন অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন(আসু) উত্তেজক বয়ান দিয়ে চলেছে। অসমের সরকার বিজেপির। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জানিয়েছেন, পরিস্থিতি বিচার করেই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।

অসমের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন- আলফা (স্বাধীনতা), এনডিএফবি(সংবিজিৎ) সহ অন্যান্য গোষ্ঠীর হুমকি, এনআরসি জারি করে সরকার বাংলাদেশি হিন্দুদের রাজ্যে ঠাঁই দেওয়ার পদক্ষেপ নিয়েছে, সেটা বরদাস্ত করা হবে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension