খেলা

কোড অফ কনডাক্ট’ লঙ্ঘন করায় বিরাটকে ভর্ৎসনা

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে বিরাটের হোম গ্রাউন্ডে ভারতকে দুরমুশ করে টি-২০ সিরিজ ড্র করেছে দক্ষিণ আফ্রিকা৷ ফলে মোহালিতে সিরিজে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হয় কোহলিদের৷ ম্যাচ হারের পাশাপাশি রবিবার চিন্নাস্বামীতে ‘কোড অফ কনডাক্ট’ লঙ্ঘন করে আইসিসি-র কাছে ভর্ৎসিত হলেন ভারত অধিনায়ক৷

সোমবার আইসিসি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘বিরাট কোহলি আইসিসি-র ২.১২ ধারায় প্লেয়ারদের কোড অফ কনডাক্ট লঙ্ঘন করেছে৷ প্লেয়ার, আম্পায়ার ও ম্যাচ রেফারি অথবা অন্য কোনও ব্যক্তির সঙ্গে অসঙ্গত শারীরিক সংঘর্ষ করলে দোষী সাব্যস্ত হয়৷ এর ফলে বিরাটের ওয়ান ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে কোহলির শৃঙ্খলাভঙ্গের রেকর্ডের সঙ্গে৷ এ নিয়ে ২০১৬ সেপ্টেম্বর থেকে সংশোধিত কোড চালু হওয়ার পর থেকে তিনবার শৃঙ্খলা ভাঙল কোহলি৷’

চিন্নাস্বামীতে ব্যাটিং করার সময় রান নিতে গিয়ে প্রোটিয়া বোলার বিউরন হেনড্রিক্সের সঙ্গে সংঘর্ষে জড়ান কোহলি৷ ম্যাচের পর বিরাট ম্যাচ-রেফারি রিচি রিচার্ডসনের কাছে দোষ স্বীকার করেছেন৷ এর পর বিরাটের মোট তিন ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে৷ প্রথম ডেমেরিট পয়েন্ট হয় গত বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে৷ দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট যোগ হয় ২০১৯ বিশ্বকাপে ভারত-আফগানিস্তান ম্যাচে৷

বেঙ্গালুরুতে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ জিতে সিরিজ ড্র করে দক্ষিণ আফ্রিকা৷ ধরমশালায় বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেস্তে গেলেও মোহালিতে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল কোহলি অ্যান্ড কোং৷ কিন্তু চিন্নাস্বামীতে টস জিতে প্রথমে ব্যাট করে সুবিধা করতে পারেনি ভারত৷ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান তোলে বিরাটের দল৷ শিখর ধাওয়ান ছাড়া ব্যাট হাতে নজর কাড়তে পারেননি কেউই৷ কাগিসো রাবাদা ও বিউরন হেনড্রিক্স অনবদ্য বোলিং করেন৷

রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৬.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা৷ ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন কুইন্টন ডি’কক৷ অধিনায়ককে যোগ্য সঙ্গ দেন রীজা হেনড্রিক্স ও তেম্বা বাভুমা৷ ২৩ বলে ২৭ রান করেন বাভুমা৷ ডি’কক ৫২ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন৷ ৬টি চার ও ৫টি ছক্কা মারেন প্রোটিয়া অধিনায়ক৷ ৪ ওভারে ১৪ রানে দু’উইকেট নিয়ে ম্যাচের সেরা হন হেনড্রিক্স৷ তবে সিরিজ সেরা হয়েছেন প্রোটিয়া ক্যাপ্টেন ডি’কক৷

ভারতের হয়ে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটি আগ্রাসী শুরু করলেও ব্যক্তিগত ৯ রানে আউট হয়ে ডাগ-আউটে ফেরেন রোহিত৷ ক্যাপ্টেন কোহলিও মাত্র ৯ রান করে ক্রিজ ছাড়েন৷ ধাওয়ান একপ্রান্ত দিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেন৷ দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন বাঁ-হাতি ওপেনার৷ ২৫ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মারেন গব্বর৷ এছাড়া ঋষভ পন্ত ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ১৯ রান করে ক্রিজ ছাড়েন৷ শ্রেয়স আইয়ার আউট হন ৫ রান করে৷ ক্রুণাল পান্ডিয়া ৪ রানের বেশি সংগ্রহ করতে পারেননি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension