
যুক্তরাষ্ট্রে পদচারী সেতু ধসে নিহত ৪
রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কাছে সদ্য নির্মিত একটি পদচারী ভেঙে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান ডেভ ডুনি। খবর সিএসএন, রয়টার্সের।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুটি যখন ভেঙে পড়ে তখন এর নিচে কমপক্ষে আটটি গাড়ি ছিল। আর আহত হয়ে অন্তত নয়জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেন, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের দ্রুত সেরে ওঠার সম্ভাব্য সবকিছু করা হচ্ছে। আর যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের জন্য শোক প্রকাশ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাড়িগুলো ট্রাফিক সংকেত পাওয়ার জন্য দাঁড়িয়েছিল। স্থানীয় সময় রাত দেড়টার দিকে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর উপর ৯৫০ টন ওজনের সেতুটি ভেঙে পড়ে।
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং খোঁজখবর রাখছেন বলেও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।
১৭৪ ফুট (৫৩ মিটার) লম্বা এ সেতুটি গত শনিবার নির্মাণ করা হয়। নির্মাণের কয়েকদিন পরই ভেঙে পড়লো সেতুটি।



