
ভারতে প্রথমবার, ট্রেন লেট হওয়া জন্য ক্ষতিপূরণ পাচ্ছেন যাত্রীরা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আগেই এই নিয়ম নির্ধারণ করা হয়েছে। এবার তারই ফল হাতেনাতে পেতে চলেছে যাত্রীরা। গত শনিবার ট্রেন লেট হওয়ার কারণে তেজস এক্সপ্রেসের যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। গত ৪ অক্টোবর থেকে চালু হয়েছে তেজস এক্সপ্রেস। এটাই প্রথম কর্পোরেট ট্রেন, যেটি রেল নয় চালাচ্ছে আইআরসিটিসি।
ট্রেনের ৯৫১ জন যাত্রীকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রায় তিন ঘণ্টা দেরি হয়েছে এই ট্রেনের।
লখনউ থেকে দিল্লিগামী তেজস এক্সপ্রেসের লখনউ ছাড়ার সময় ছিল সকাল ৬টা ১০ মিনিটে। ট্রেনের কামরাগুলির নিয়মমাফিক রক্ষণাবেক্ষণ যথাসময়ে শেষ না হওয়ায় ট্রেনটি ছাড়ে ৮টা ৫৫ মিনিটে। ফলে ট্রেনটি নির্ধারিত সময় ১২টা ২৫ মিনিটে দিল্লি না পৌঁছতে পারেনি, বদলে দুপুর ৩টে ৪০ মিনিটে পৌঁছয়। দিল্লি থেকে লখনউগামী ট্রেনটিও দুপুর ৩টে ৩৫ মিনিটে না ছেড়ে ৫টা ৩০ মিনিটে রওয়ানা দেয়। ফলে একই দিনে দুদিকের যাত্রাতেই গন্তব্যে পৌঁছতে দেরি করে তেজস।
পূর্বপ্রতিশ্রুতি রক্ষা করতেই আইআরসিটিসি’র চিফ রিজিওনাল ম্যানেজার অশ্বিনী শ্রীবাস্তব সংবাদমাধ্যমকে জানান, যে শনিবার তেজস এক্সপ্রেসের সওয়ার হওয়া যাত্রীদের কাছে ইতিমধ্যেই তাঁদের মোবাইল ফোনে একটি লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে ক্লিক করলেই তাঁরা ক্ষতিপূরণ পেয়ে যাবেন।
তেজস এক্সপ্রেসের ক্ষেত্রে আইআরসিটিসি’র ক্ষতিপূরণ দেওয়ার ঘোষিত নীতি অনুযায়ী, ট্রেনটি ছাড়তে দেরি হওয়া সত্ত্বেও যদি গন্তব্যে সঠিক সময় পৌঁছয় তাহলে যাত্রীরা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না। কিন্ত শনিবার ট্রেনটির দু দিকেই দেরি হওয়ায় লখনউ থেকে ওঠা ৪৫১ জন যাত্রী এবং দিল্লি থেকে লখনউয়ের উদ্দেশ্যে যাত্রা করা ৫০০ জন যাত্রী এই ক্ষতিপূরণ পাবেন। ক্ষতিপূরণের পরিমাণ যাত্রী পিছু ২৫০ টাকা বলে জানানো হয়েছে।



