
শাহরুখকে ‘ভুয়ো মুসলিম’ বলে আক্রমণ, সাহায্যের হাত শাবানার
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: কখনও অভিনয় আর কখনও রসবোধ, বার বার ভক্তদের মুগ্ধ করেছেন শাহরুখ খান। আর তাই তিনিই বলিউডের কিং খান। কিন্তু এবার কট্টরপন্থীদের ফতোয়ার মুখে পড়লেন স্বয়ং কিং খানই। দীপাবলি পালন করায় কট্টরপন্থীরা নিশানা করেন শাহরুখকে। এই অবস্থায় তাঁর পাশে দাঁড়ালেন অভিনেত্রী শাবানা আজমি।
সম্প্রতি নিজের বাড়িতে দীপাবলি পালন করেছেন শাহরুখ। অন্যান্য অভিনেতা ও বন্ধুদের দীপাবলির অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। ছোট ছেলে আব্রাম ও গৌরীকে নিয়ে দীপাবলি উপলক্ষে একটি ছবিও পোস্ট করেন কিং খান। ছবিতেই দেখা যাচ্ছে দীপাবলি উপলক্ষে কপালে তিলক কেটেছেন শাহরুখ। আর এই ছবি দেখেই শাহরুখকে আক্রমণ করেছেন কট্টরপন্থীরা। কেউ বলেছেন, মুসলিম হয়েও হিন্দুদের রীতি পালন করে ইসলামের অবমাননা করছেন শাহরুখ। কেউ আবার তাঁকে ভুয়ো মুসলিম বলেও নিশানা করেছেন।
এই অবস্থায় শাহরুখের সমর্থনে শাবানা আজমি টুইট করেন, ইসলাম ধর্ম এতটাও দুর্বল নয় যে ভারতের সুন্দর রীতি মানলেই তা নষ্ট হবে আর তার জন্য হুমকি পেতে হবে।
তবে এই প্রথম নয়। এর আগেও কট্টরপন্থীদের নিশানায় পড়েছিলেন শাহরুখ। শাহরুখ বরাবরই সম্প্রীতি ও উদারতার বার্তা দিয়ে এসেছেন। বিভিন্ন উৎসব ও পুজোতেও সামিল হয়েছেন। মাস কয়েক আগে গণেশ পুজো করে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। কট্টরপন্থীদের দাবি ছিল, মুসলিম হয়েও কীভাবে তিনি হিন্দুদের গণেশ পুজো করেন। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে দীপাবলি অনুষ্ঠানে অংশ নিয়ে ফের বিতর্কের মুখে পড়লেন কিং খান। তবে কিং খান যে ভবিষ্যতেও এভাবেই সম্প্রীতির বার্তা দেবে তা বলাই বাহুল্য।



