
উন্নয়নের জোয়ারে ভাসবে কাশ্মীর, বল্লভভাইয়ের জন্মবার্ষিকীতে বার্তা মোদীর
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতেও কাশ্মীর প্রসঙ্গ টেনে আনলেন নরেন্দ্র মোদি। গুজরাতের কেভাডিয়াতে বল্লভভাইয়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩৭০ ধারা লোপের পর জম্মু-কাশ্মীরে সন্ত্রাস শেষ হয়ে যাবে বলে আগেই দাবি করেছিলেন মোদি। এদিন ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদ নিয়ে অনেকদিন ধরেই লড়ছিলেন কাশ্মীরের মানুষ। ৩৭০ ধারা রদের পর থেকে এই সন্ত্রাস নির্মূল হবে। গোটা উপত্যকা জুড়ে উন্নয়নের জোয়ার বইবে।
উল্লেখযোগ্য ভাবে, বৃহস্পতিবার থেকেই জম্মু-কাশ্মীর এবং লাদাখ আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। তাঁর ভাষণেও উঠে আসে এই কথা। ৩৭০ ধারা বিলোপ এবং জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপায়িত করার ফলে কাশ্মীরের সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে জোর দেওয়া যাবে বলেও জানান মোদি।
এ দিনের সভায় তাঁর বক্তব্যে উঠে আসে বেশ কিছু প্রসঙ্গ। সর্দার বল্লভভাই প্যাটেলের দেখানো পথে দেশবাসীকে এগিয়ে চলার ডাক দেন তিনি। দেশের ঐক্য ও সংহতি অক্ষুণ্ণ রাখার ডাক দেন তিনি। এরপরেই বিরোধীদেরও একহাত নেন মোদি।
তিনি বলেন, ‘গণতন্ত্রে এটাই নিয়ম যে সবাই একমত হবেন না। দ্বিমত থাকবেই। কিন্তু, ৩৭০ ধারা লোপের সিদ্ধান্ত সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। আমি দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। কিন্তু সবার জাতীয় স্বার্থের কথাই চিন্তা করা উচিত।’
পাকিস্তানের বিরুদ্ধেও সুর চড়াতে শোনা যায় মোদিকে। তিনি বলেন, ‘সারা দেশে এখন একতার সুর। কিন্তু এর মাঝেও পাকিস্তান জম্মু-কাশ্মীরের শান্তি,শৃঙ্খলা নষ্ট করার ঘৃণ্য চেষ্টা চালাচ্ছে।’ ৩৭০ ধারা রদের ফলে ভূস্বর্গে উন্নয়ন নতুন গতি পাবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, ‘৩৭০ ধারা রদের ফলে উপকৃত হবেন কাশ্মীরের সাধারণ মানুষ। সন্ত্রাস নির্মূল হবে। উপত্যকায় ধীরে ধীরে শান্তি ফিরবে। কাশ্মীরকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সিদ্ধান্ত। রাস্তাঘাট,রেলপথের উন্নয়ন হবে। কর্মসংস্থানের ক্ষেত্রে খুলে যাবে নতুন দিগন্ত। যুগ যুগ ধরে সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদীদের আঁতুড়ঘরে পরিণত হওয়া কাশ্মীরে এক নবযুগের সূচনা হবে।’



