যুক্তরাষ্ট্র এক নম্বর নয়, চীন করোনায় মৃত্যুতে এক নম্বর: ট্রাম্প
'মৃত্যুর দিক থেকে তারা (চীন) আমাদের থেকে এগিয়ে ছিল। তারা আবারও এগিয়ে যাবে। তাদের হিসাব প্রকাশ বন্ধ হয় নি। তাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি।'
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা নিয়ে আবারো সন্দেহ প্রকাশ করলেন। শনিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দেশটি মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ছিল। আবারও এগিয়ে যাবে।
এনডিটিভি জানিয়েছে, চীনের যে শহর থেকে করোনা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই উহানে মৃত্যু নিয়ে এতদিন যা হিসাব দেওয়া হচ্ছিল, তার থেকেও মৃত্যুর সংখ্যা আরও ১৩শ’ বেশি বলে দেশটি স্বীকার করার দু’দিনের মাথায় ট্রাম্প তার সন্দেহের কথা জানালেন।
চীনের নতুন হিসাবে দেশটিতে করোনা মহামারীতে মৃত্যু হয়েছে মোট ৪ হাজার ৬শ’ মানুষের। এ নিয়ে সন্দেহ প্রকাশ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এক নম্বর নয়। চীন করোনায় মৃত্যুতে এক নম্বর, এটি বুঝতে হবে।
চীনের মৃত্যুর সংখ্যা আরও বাড়বে ইঙ্গিত দিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, মৃত্যুর দিক থেকে তারা (চীন) আমাদের থেকে এগিয়ে ছিল। তারা আবারও এগিয়ে যাবে। তাদের হিসাব প্রকাশ বন্ধ হয় নি। তাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি।
করোনায় এখন পর্যন্ত মৃত্যুর হিসাবে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। সরকারি হিসাবে দেশটিতে মারা গেছেন এ পর্যন্ত ৩৯ হাজার পেরিয়ে গেছে। অন্যদিকে স্পেনে প্রাণহানি ২০ হাজার, ইটালিতে ২৩ হাজার, ব্রিটেনে ১৫ হাজার, ফ্রান্সে ১৯ হাজার পেরিয়ে গেছে। অথচ যে দেশ থেকে করোনা ছড়িয়েছে, সেই চীনের সরকারি হিসাবে মৃত্যু এখন ৪ হাজার ৬শ’ বলা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যেখানে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি ও স্পেনে স্বাস্থ্যসেবা পদ্ধতি অতিমাত্রায় উন্নত, সেখানেই এত মৃত্যু! আর চীনে তো স্বাস্থ্যসেবা এসব দেশের তুলনায় তিনভাগের একভাগ। সেখানেই কিনা মৃত্যু এত কম! চীনের দেওয়া সরকারি হিসাব একেবারেই অবাস্তব।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রকৃত ঘটনা আপনারাও জানেন, আমরাও জানি এবং তারাও জানে। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, তাহলে আপনারা এসব নিয়ে লেখেন না কেন, আপনাদের বিষয়টি ব্যাখ্যা দিতে হবে। আর আমিও একদিন বিষয়টির ব্যাখ্যা তুলে ধরব।
ট্রাম্প আরও উল্লেখ করেন, পশ্চিমা অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা মাথাপিছু হিসেবে অনেক কম।
এরআগেও ট্রাম্প চীনের মৃত্যুর সংখ্যা নিয়ে তার সন্দেহের কথা তুলে ধরেছিলেন।
গত বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, চীনে মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। বিশ্বে যত মৃত্যুর ঘটনা ঘটেছে, তার অধিকাংশ আমাদের দেশে নয়, চীনেই বেশি ঘটেছে। কারণ দেশটি বিশাল জনসংখ্যার। ◉



