
লকডাউনের সময় বাড়ানোয় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা
করোনাভাইরাসের বিস্তার রোধে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যাডার্নের বিরুদ্ধে অবৈধভাবে ঘরে আটকে রাখা হচ্ছে অভিযোগ করে একাধিক মামলা করা হয়েছে।
গত বৃহস্পতিবার অকল্যান্ড হাইকোর্টে প্রধানমন্ত্রী জেসিন্ডার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড।
মামলার পক্ষে মামলাকারী দুই ব্যক্তি বলেন, দেশে করোনায় মৃত্যুর হারের তুলনায় ‘লেভেল ফোর’যে লকডাউন দেওয়া হয়েছে সেটি অর্থনীতির জন্য ব্যাপক ক্ষতির কারণ হবে।
এ পদক্ষেপ অর্থনীতির জন্য উপযুক্ত নয়। তাদের অবৈধভাবে ঘরে আটকে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
অভিযোগে তারা আরও বলেন, প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যারডার্ন রাজনৈতিকভাবে লাভবান হতেই দেশের ওপর বিভিন্ন ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জেসিন্ডার আইনজীবী অস্টিন পাওয়েল তার যুক্তিতে বলেন, ভাইরাসের বিস্তাররোধে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটি আটকের মতো নয়।
বিশ্বের সবচেয়ে কঠোর লকডাউনের বিধিনিষেধ আরোপ করা দেশগুলোর একটি নিউজিল্যান্ড। বৈশ্বিক ও দেশীয় অর্থনীতিতে ধীরগতির ফলে বেকারত্ব বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সরকার।
গত তিন সপ্তাহ ধরে দেশটির স্কুল, সরকারি অফিস ও অপ্রয়োজনীয় সেবাগুলো বন্ধ রয়েছে। অর্থনৈতিক তৎপরতাও নিশ্চল হয়ে পড়েছে।◉



