আমাদের সামনে আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছে: টেড্রোস অ্যাধানোম
করোনাভাইরাস মহামারির ভয়ঙ্কর পরিস্থিতি এখনও দেখা বাকি আছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাধানোম গ্যাব্রেসাস।
এই ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় বিশ্বজুড়ে চলছে লকডাউন। দেশ জুড়ে মানুষ প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে লড়াই করছে। কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতি আসা এখনও বাকি। সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান সম্প্রতি এ প্রসঙ্গে সাবধান করলেন। বেশ কিছু দেশে এরই মধ্যে লকডাউন ও বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল হতে শুরু করেছে। ঠিক তখনই সাবধান করলেন জেনারেল টেড্রোস অ্যাধানোম। জানালেন, করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি জানান দিচ্ছে সামনে আমাদের জন্য আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছে।
এরমধ্যেই করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ২০ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষের। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী এই তথ্যই পাওয়া যাচ্ছে। কিন্তু হু প্রধান ঠিক কী কারণে মনে করছেন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে তা স্পষ্ট করে কিছু বলেন নি তিনি।
টেড্রোস অ্যাধানোম গ্যাব্রেসাস ১৯১৮-র স্প্যানিশ ফ্লু এর প্রসঙ্গ টেনে এনে বলেছেন করোনাভাইরাসের চেয়েও সাংঘাতিক। তিনি জেনেভার সংবাদমাধ্যমকে বলছেন, করোনাভাইরাস খুবই সাংঘাতিক। ১৯১৮-র ফ্লুতে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল।
তিনি আরও বলেন, এখন আমাদের প্রযুক্তি উন্নত। আমরা এই বিপর্যয়কে নিয়ন্ত্রণে আনতে পারি। আমাদের সেই ক্ষমতা এখন আছে। বিশ্বাস করুন। কিন্তু তার আগে পরিস্থিতি আরও খারাপ হবে।
তিনি সাবধান করে বলছেন, আমাদের আরও ভয়াবহ পরিস্থিতি দেখা বাকি আছে। তাই এটা আমাদের আটকাতে হবে। এখনও অনেকে বুঝতে পারছেন না কতটা সাংঘাতিক এই ভাইরাস।
উল্লেখ্য, বাংলাদেশে আক্রান্তের সংখ্যা বিপদজনকভাবে বেড়ে চলেছে।এখন পর্যন্ত করোনাভাইরাসে বাংলাদেশে মারা গেছেন ১১০ জন। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন। সুস্থ হয়েছেন ৪৩৪ জন।◉



