
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রবাসী যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সহ-সভাপতি হোসেন রানা নীলফামারীর মানুষদেরকে খাদ্য সহায়তা দিয়েছেন।
গতকাল রোববার ৩ মে নীলফামারী জেলা শহরের ইবাদত ডায়াগনস্টিক সেন্টারের ব্যানারে, হোসেন রানার ব্যক্তিগত উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় দু হাজার মানুষকে চাল, ডাল, আলু ও তেলসহ খাদ্য সহায়তা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লকডাউন চলছে দু মাস ধরে। মানুষ নিজের নিজের ঘরে অবরুদ্ধ। ব্যবসা থেকে চাকরি, সকল কাজকর্মই বন্ধ। এ অবস্থায় থেকেও নীলফামারীর মানুষদের জন্যে খাদ্যসামগ্রী সহায়তা পাঠিয়েছে হোসেন রানা।
করোনাভাইরাসের সৃষ্ট অঘোষিত লকডাউনের ফলে বাংলাদেশের নিম্ন আয়ের মানুষেরা অসহায় অবস্থায় পড়েছেন। পড়েছেন অর্থ ও খাদ্য সঙ্কটে।
দেশের এমন ক্রান্তিলগ্নে নিজ এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চেয়ে যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সহ-সভাপতি ও নীলফামারী জেলা ছাত্রলীগের প্রাক্তন নেতা হোসেন রানা খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসেন।◉



