কানাডায় জামাতে ঈদের নামাজ হবে না
কানাডায় জামাতে ঈদের নামাজ না পড়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মুসলিম সম্প্রদায়।
ক্যালগেরির মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরি এবং বিএম আইসিসি সিদ্ধান্ত নিয়েছেন, এ বছর একত্রিত হয়ে কোনও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না।
ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এক প্রশ্নের জবাবে বলেন, কানাডার বর্তমান করোনা সঙ্কটের কথা চিন্তা করে সবাই একত্রিত হয়ে মসজিদে অথবা ময়দানে এ বছর ঈদের জামাত না পড়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জুন মাসে মসজিদে নামাজ পড়ার পরিকল্পনা আছে।
অন্যদিকে বিএমআইসিসির সভাপতি কাজী রহমান সুজা জানান, বৈশ্বিক মহামারীর এই দুর্যোগ মুহূর্তে স্বাস্থ্যবিধির কথা চিন্তা করেই করোনাভাইরাসের কারণে এ বছর আমরা ঈদের নামাজ জামাতে একত্রিত হয়ে আদায় করব না, তবে তিনি বাড়িতে থেকে সবাইকে ঈদের নামাজ আদায়ের পরামর্শ দেন।
কানাডায় আজ রমজান মাসের ২৮ রোজা। কানাডার অন্যান্য প্রভিন্সেও পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবার কোনও খবর পাওয়া যায় নি।
সামাজিক দূরুত্ব বিবেচনায় প্রবাসী বাঙালিদের মধ্যে এবার ঈদ নিয়ে তেমন কোনও পরিকল্পনা নেই। সরকারের দেওয়া বিধি নিষেধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলেই তারা এবার পরিবার-পরিজন নিয়ে ঘরে থেকেই ঈদ করবেন।
ইতোমধ্যে কানাডার কিছু কিছু প্রদেশে লকডাউন শিথিল করা হয়েছে। ব্যবসা-বাণিজ্য সচল রাখার কথা চিন্তা করেই স্বাস্থ্যবিধি মেনেই কর্তৃপক্ষ তা করছে।
উল্লেখ্য, কানাডায় প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার বিস্তার ঠেকাতে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে ইতোমধ্যে আরও ৩০ দিন কড়াকড়ি অবস্থা থাকবে।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় অপ্রয়োজনীয় ভ্রমণে এই কড়াকড়ি আরোপ।
কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭৬৭ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ৬ হাজার ১৮০ জন।
এছাড়া করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪১ হাজার ৯৭৫ জন। ⛘



