প্রধান খবরবাংলাদেশ

সিলেট বিএনপি নেতাদের বাসায় তল্লাশি

রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:

আজ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিলেটে আসছেন । তার এই সফরকে ঘিরে সিলেট বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত। শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের নেতারাও চাঙ্গা। খালেদা জিয়াকে বরণ করে নিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে আশা প্রকাশ করেছেন নেতারা। খালেদা জিয়ার সঙ্গে ঢাকা থেকে আসছে বিশাল বহর। এই বহরে ২ শতাধিক যানবাহন থাকবে।

সকাল ১০টার দিকে তিনি গুলশান থেকে রওয়ানা দেবেন। পথিমধ্যে নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী গাড়ি নিয়ে বহরে যোগ দেবেন। পাশাপাশি সিলেট বিভাগের প্রতিটি জেলা, উপজেলা থেকে বিএনপি নেতারা আসবেন সিলেটে।
খালেদা জিয়ার সিলেট সফর সম্পর্কে গতকাল দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা সংবাদ সম্মেলন করেছেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তিনি জানান, সিলেটের ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিলেটে আসছেন। আজ সকালে তিনি গুলশান থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন।

বিকাল ৩টায় সিলেটে পৌঁছে বিকাল ৪টায় হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। সাড়ে ৪টায় তিনি হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। দুটি মাজার জিয়ারতের পর রাতে তিনি সিলেট সার্কিট হাউসে অবস্থান করবেন। মঙ্গলবার সকালে তিনি সিলেট থেকে ঢাকার পথে রওয়ানা দেবেন। সংবাদ সম্মেলনে নাসিম জানান, বেগম খালেদা জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা দেখা দিয়েছে। তার এই সফরের মধ্যে সিলেট বিভাগে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনের জন্য সংগঠিত হতে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি দাবি করেন খালেদা জিয়ার এই সফর মাইকিংয়ের মাধ্যমে সিলেটবাসীকে জানানোর জন্য উদ্যোগ নেয়া হলেও পুলিশ প্রশাসনের কঠোর বাধার কারণে সম্ভব হয়নি। সিলেট বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ তল্লাশি চালিয়ে বিএনপির স্বাভাবিক কার্যক্রমে বাধা দেয়ার চেষ্টা হচ্ছে বলে জানান নাসিম। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সহ- সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, মহানগরের সভাপতি বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলার সহ-সভাপতি আবুল কাহের, বিএনপি নেতা কামরুল হুদা জায়গীরদার, মিজানুর রহমান মিজান, আজমল বক্ত সাদেক, সালেহ আহমদ খসরু, ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম অভিযোগ করেন, শুক্র ও শনিবার রাতে সিলেট নগরীর বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের বাসায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। পুলিশ প্রশাসন কঠোর হওয়ার কারণে কিছুটা ভীতিকর পরিবেশ বিরাজ করছে। বেগম খালেদা জিয়া সিলেট সফরকালে আন্দোলন ও আগামী নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে যাবেন বলে জানান তিনি। বেগম খালেদা জিয়া সিলেট সফরে এলে এবার কোনো সমাবেশ হচ্ছে না। সিলেটে বিএনপির তরফ থেকে কোনো পথসভারও আয়োজন করা হয়নি।

স্বল্প সময়ে তিনি সিলেট আসার কারণে এটা সম্ভব হয়নি। খালেদা জিয়ার এই সফরকে কেন্দ্র করে সিলেটে ভেতরে ভেতরে শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে গতকাল সিলেট বিভাগজুড়ে লিফলেট বিতরণ করা হয়েছে। বেলা দেড়টায় সিলেটের কোর্ট পয়েন্ট থেকে এই লিফলেট বিতরণের উদ্বোধন করা হয়। সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করেন। এ সময় তারা সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের নেত্রী। এ কারণে সবাইকে জানিয়ে দিতে লিফলেট বিতরণ করা হচ্ছে। বেগম খালেদা জিয়া সিলেটে আসার আগে নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সিলেটের কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন। তিনি জানিয়েছেন, এসএমপি থেকে তাদের কাছে গতকাল পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি।

যে নির্দেশনা আসবে সেটি তিনি গ্রহণ করবেন। বেগম খালেদা জিয়া সিলেটে সমাবেশ না করলেও সাংবাদিকদের কাছে তিনি বক্তব্য তুলে ধরতে পারেন বলে জানিয়েছেন সিলেট বিএনপির নেতারা। সেটি খালেদা জিয়া সিলেটে পৌঁছার পর চূড়ান্ত করা হবে। পাশাপাশি সিলেট সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করতে পারবেন। তবে তার মতবিনিময় সভায় কোন সারির নেতারা উপস্থিত থাকবেন সেটিও গতকাল পর্যন্ত চূড়ান্ত করা হয়নি।এমটা জানিয়েছেন নেতাকর্মরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension