যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনও প্রয়োজন নেই: কিম ইয়ো জং
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ট্রাম্প বলেছেন যে, তিনি আবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনা করবেন। এই বৈঠক আসন্ন নির্বাচনে তার ভাবমূর্তি রক্ষায় সহায়ক হতে পারে বলে আশা ট্রাম্পের।
কিন্তু কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে দেওয়া বিবৃতিতে কিমের বোন কিম ইয়ো জং বলেছেন, এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনায় বসার কোনও প্রয়োজন নেই। এ সময় পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা সম্ভব নয়। এই বৈঠকে শুধু ব্যক্তি স্বার্থই প্রাধান্য পাবে।
কিম উনের উত্তরসূরী হিসেবে বিবেচিত কিম ইয়ো জং বলেন, ওই বৈঠকে কেবল অন্য পক্ষের গর্বই প্রকাশ পাবে। তারা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো বড় পদক্ষেপ নিলেই বৈঠক সম্ভব। এই বিবৃতি নিজস্ব ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বলে জানান কিম ইয়ো জং। তিনি বলেন, ভাই কিম জং উন তার ওপর আস্থা রাখেন এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান দক্ষিণ কোরিয়ায় তিনদিনের সফর শেষ করার একদিন পর কিম জং-উনের প্রভাবশালী উপদেষ্টা হিসেবে পরিচিত তার বোন এসব কথা বললেন। বিগান তার সফরে কিমের সঙ্গে বৈঠক করার ব্যাপারে ট্রাম্পের আগ্রহের কথা ব্যক্ত করেছিলেন।❑



