প্রধান খবর

সাহেদ ধরা পড়ার পর আতঙ্কে তার সব আশ্রয়-প্রশ্রয়দাতা

‘রিমান্ডে আনার পর সাহেদের নাটকের শেষ নেই। নাকের ভেতর টিস্যু পেপার ঢুকিয়ে বারবার হাঁচি দেওয়ার চেষ্টা চালায়। আবার জোর করে কাশি মারে। রুমের মধ্যে থুতু নিক্ষেপ করে। জিজ্ঞাসা করতে গেলেই বলতে থাকে আমি কিন্তু করোনা রোগী। আমার কাছে এলে আপনাদেরও করোনা হয়ে যাবে। আসলে এসব হচ্ছে তার পুরোপুরি নাটক। সে সম্পূর্ণ সুস্থ। আমরা যাতে তার কাছে না যাই সে জন্য সে এসব নাটক করছে।’

করোনা পরীক্ষার ভুয়া সনদসহ বহুমাত্রিক জালিয়াতিতে আলোচিত রিজেন্ট হাসপাতালের স্বত্বাধিকারী ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম রিমান্ডে গিয়েও নানা রকমের নাটক সাজাচ্ছেন।

অসুস্থতার ভান করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গেও প্রতারণা শুরু করেছেন। তদন্ত কর্মকর্তাদের দূরে রাখতেই তিনি করোনায় আক্রান্ত হওয়ার কথা বলছেন। এমনকি নাকের ভেতর টিস্যু পেপার ঢুকিয়ে বারবার হাঁচি দেওয়ার চেষ্টা চালিয়েছেন। মাঝেমধ্যে জোরে কাশিও মারছেন।

তবে তদন্তকারী কর্মকর্তারা তার নাটক বুঝতে পেরে কৌশলে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। জিজ্ঞাসাবাদে সাহেদ তার আশ্রয়-প্রশ্রয়দাতাদের নাম ফাঁস করছেন বলে জিজ্ঞাসাবাদসংশ্লিষ্ট এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন। সাহেদ ধরা পড়ার পর আতঙ্কে আছেন ওই সব আশ্রয়-প্রশ্রয়দাতা। নিজ অপকর্ম ঢাকতে অনেককে অর্থও দিয়েছেন সাহেদ। জিজ্ঞাসাবাদে তাদের কারও কারও নামও বলছেন। সাহেদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

এদিকে রিমান্ডের প্রথম দিনে সাহেদ ও তার প্রতিষ্ঠানের শীর্ষ দুই কর্মকর্তা মাসুদ পারভেজ ও তারেক শিবলীকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা একজন আরেকজনকে দোষারোপ করে নানা তথ্য দিয়ে চলেছেন বলে তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন।

তারা আরও জানিয়েছেন, প্রতারক সাহেদ মানুষের পাশাপাশি বিভিন্ন ব্যাংক কর্মকর্তার সঙ্গেও প্রতারণা করেছেন। ভুয়া ঠিকানা ও প্রতিষ্ঠান দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ করেন নি।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাহেদের ‘আশ্রয়দাতারা’ আতঙ্কে যুগ্ম কমিশনার আবদুল বাতেন গণমাধ্যমকে বলেন, ‘সাহেদ খুব চালাক প্রকৃতির লোক। সে অসুস্থতার ভান করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তারপরও তার ব্যাপারে আমরা সতর্ক আছি। তাকেসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে কৌশলে প্রশ্নের উত্তর দিচ্ছে। তবে সে বেশিরভাগ প্রতারণার কথা স্বীকার করেছে।’

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘সাহেদের কাছে যারা প্রতারণার শিকার হয়েছেন, তাদের সহায়তা করার জন্য র‌্যাব একটি সেবা লাইন চালু করেছে। এর মাধ্যমে নানা সময় বিভিন্নভাবে যারা প্রতারণার শিকার হয়েছেন, তাদের আইনগত বিচার পাওয়ার অধিকার রয়েছে।

এছাড়া সাহেদের বিষয়ে সাধারণ মানুষের মন থেকে ভয় দূর করতে র‌্যাব কাজ করছে। প্রতারক সাহেদ শুধু করোনা টেস্ট নিয়েই প্রতারণা করেন নি, তিনি বালু, পাথর, সিমেন্ট সাপ্লাইয়ের নামে অনেকের সঙ্গে প্রতরণা করেছেন। লাখ লাখ টাকা আটকে মানুষকে হয়রানি করেছেন। টঙ্গী, তুরাগ ও উত্তরায় রিকশা-ভ্যানের লাইসেন্স দিয়ে মাসিক ও এককালীন টাকা আদায় করতেন সাহেদ।’

র‌্যাবের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ভিন্ন কৌশলে প্রতারণা করতেন সাহেদ। সরকারি দপ্তরগুলোতে তিনি নিজেকে কখনো অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা, কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত এমন নানা পরিচয় দিয়ে বেড়াতেন। কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলেছেন। আর অপকর্মগুলো করতেই ওই সব ছবি কাজে লাগাতেন। গ্রেপ্তারের পর এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি স্বীকার করেন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেপ্তারের পর থেকেই সাহেদ নানা নাটক সাজাচ্ছেন। তিনি বারবার আমাদের বলেছেন, আমি খুব অসুস্থ। আমার হার্টের সমস্যা আছে। যেকোনো সময় আমি মরে যেতে পারি। আমাকে মারধর কইরেন না।’ এসব বলে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। সর্বশেষ তিনি আদালতে গিয়েও মিথ্যার আশ্রয় নিয়েছেন। দেড় মাস ধরে যদি তিনি করোনায় আক্রান্ত থাকতেন তাহলে তার বেঁচে থাকার কথা নয়। সবই তার নাটক। তদন্তকারী কর্মকর্তারা যাতে তার সামনে যেতে না পারেন সে জন্য তিনি এসব নাটক করছেন বলে আমাদের কাছে মনে হয়েছে।’

তদন্তসংশ্লিষ্টরা জানান, গত বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ডে নিয়ে সাহেদ, মাসুদ পারভেজ ও তারেক শিবলীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। আলাদাভাবে সাহেদকে নানা প্রতারণার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। করোনার পরীক্ষা নিয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছেন সাহেদ। তবে তিনি বেশি দোষ চাপাচ্ছেন রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ ও আইটি প্রধান তারেক শিবলীর ওপর। তাদের পরামর্শে এসব অপকর্ম করা হয়েছে। আবার মাসুদ ও শিবলী তারেককে এ বিষয়ে প্রশ্ন করলে তারা জানান, চেয়ারম্যানের নির্দেশেই তারা এসব করেছেন।

এ প্রসঙ্গে র‌্যাব ও পুলিশের দুই কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানের কথা বলে প্রতারক সাহেদ বিভিন্ন ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছেন। কিন্তু দীর্ঘদিনেও সাহেদ টাকা পরিশোধ করেননি। ঋণগুলোও নিয়েছেন প্রতারণা করে। ভুয়া ঠিকানা ও প্রতিষ্ঠান দেখিয়ে ওই সব ঋণ নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা পাবে এনআরবি ব্যাংক। এ ব্যাংকটি পাবে প্রায় সাড়ে ৩ কোটি টাকা। কিছু ব্যাংক তার নামে মামলা করেছে। ওই সব মামলায় সাহেদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলেও কৌশলে জামিন নিয়ে ফেলতেন। আবার কোনও কোনও ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা বা নামিদামি ব্যক্তিদের কথা বলে ব্যাংক কর্মকর্তাদের শাসাতেন।

রিজেন্ট হাসপাতালের সাবেক কর্মকর্তা সোহাগ আরেফিন গতকাল  বলেন, ‘এমন কোনও অপকর্র্ম নেই যে সাহেদ করেন নি। তার হার্টে কখনও সমস্যা ছিল না। তার করোনা হয় নি। সাধারণ মানুষের পাশাপাশি এখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গেও তিনি প্রতারণা করছেন। ভুয়া প্রতিষ্ঠানের নাম করে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। কেউ ঋণ না দিলে ওপরের মহল থেকে ফোন করে ঋণ আদায় করে নিতেন।’

ডিবির এক কর্মকর্তা বলেন, ‘রিমান্ডে আনার পর সাহেদের নাটকের শেষ নেই। নাকের ভেতর টিস্যু পেপার ঢুকিয়ে বারবার হাঁচি দেওয়ার চেষ্টা চালায়। আবার জোর করে কাশি মারে। রুমের মধ্যে থুতু নিক্ষেপ করে। জিজ্ঞাসা করতে গেলেই বলতে থাকে আমি কিন্তু করোনা রোগী। আমার কাছে এলে আপনাদেরও করোনা হয়ে যাবে। আসলে এসব হচ্ছে তার পুরোপুরি নাটক। সে সম্পূর্ণ সুস্থ। আমরা যাতে তার কাছে না যাই সে জন্য সে এসব নাটক করছে।’

এই ডিবি কর্মকর্তা আরও বলেন, ‘রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে যারা শেল্টার দিয়েছে তাদের নাম বলছে। যাদের কথা বলছে সবাই সমাজের গণ্যমান্য ব্যক্তি। তার তথ্যগুলো আমরা খতিয়ে দেখছি।’

একই কথা বলেছেন র‌্যাবের এক কর্মকর্তা। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘সাতক্ষীরায় গ্রেপ্তার করে ঢাকায় আনার পর সাহেদকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কাদের শেল্টারে থেকে এসব অপকর্ম করেছেন, তাদের নাম বলেছেন। আমরা নামগুলো যাচাই করছি। প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ‘হাসপাতালে অভিযানের পর থেকে সাহেদ আর নিজের বাড়িতে থাকে নি। প্রথম দিন তিনি ঢাকায় একটা হোটেলে ছিলেন। পরদিন তার ব্যক্তিগত কর্মকর্তার (পিএস) নরসিংদীর বাড়িতে চলে যান। সেখান থেকে কুমিল্লা হয়ে কক্সবাজার যান সাহেদ। কুমিল্লা ছাড়ার আগে নানা জনকে ফোন করে বাঁচার চেষ্টা করেছেন। কক্সবাজার থেকে ঢাকায় এসে একটি গাড়ি ভাড়া করে চলে যান সাতক্ষীরায়।’

সাহেদের প্রতারণার তথ্য জানাতে র‌্যাবের হটলাইন : সাহেদের বিষয়ে যে কোনও তথ্য জানাতে এবং যারা সাহেদের প্রতারণার শিকার হয়েছেন, তাদের সাহায্য করতে হটলাইন নম্বর চালু করেছে র‌্যাব। গতকাল শুক্রবার থেকে সাহেদের যে কোনও অপকর্মের তথ্য ফোনে (০১৭৭৭৭২০২১১), খুদে বার্তা অথবা ই-মেইলের ([email protected]) মাধ্যমে জানানো যাবে।

সাহেদের স্বাক্ষর করা ৪৮টি চেক বইয়ের পাতাসহ মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দীন জালালীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কারসহ চালক মাহমুদুল হাসানকেও আটক করা হয়। গতকাল তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ❑

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension