
চীনের বিরুদ্ধে আবারও কথা বললেন মাইক পম্পেও
চীনের বিরুদ্ধে আবারও কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। হিমালয়ের লাদাখ থেকে তাইওয়ান পর্যন্ত প্রতিবেশীদের সঙ্গে চীন ‘অন্যায়’ আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি।
দক্ষিণ চীন সমুদ্র থেকে প্রশান্ত মহাসাগর, চীন সর্বত্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে বলেও অভিযোগ করেন মাইক পম্পেও।
যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাস কর্মীদের জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলেও জানান তিনি। খবর ডয়চে ভেলের।
বুধবার পম্পেও বলেন, মার্কিন বিশ্ববিদ্যালয়ে ৫০ জনের বেশি ছাত্রকে নিয়ে কোনো রকম আলোচনাসভা করতে পারবে না চীনের প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয়গুলোকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, চীনের ফান্ড বা চীনের কোনো সংস্থা বা ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক হতে হবে।
গত শনিবার থেকে লাদাখে নতুন করে যে উত্তেজনা ছড়িয়েছে তার জন্য মূলত চীনকে দায়ী করছে যুক্তরাষ্ট্র।
বুধবার পেন্টাগন চীনের প্রতিরক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত একটি রিপোর্ট মার্কিন কংগ্রেসে জমা দেয়।
তাতে বলা হয়েছে, ভারতকে সামরিকভাবে ঘিরে ধরতে ইতোমধ্যে পাকিস্তান, শ্রীলংকা ও মিয়ানমারে সেনাঘাঁটি বানিয়েছিল বেইজিং। পরের ধাপে এবার থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কেনিয়া তানজানিয়া, অ্যাঙ্গোলার মতো দেশগুলোতেও সেনাঘাঁটি ও সামরিক পরিকাঠামো গড়ার পরিকল্পনা নিয়েছে চীন।
পেন্টাগনের মতে, সামরিক দিক থেকে ভারতকে চর্তুদিক থেকে ঘিরে ধরতেই এ সার্বিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীন।❐



