
নির্বাচন কমিশন এর সচিব এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
লিগ্যাল নোটিশে করোনাভাইরাসের পরীক্ষা নামে প্রতারণার দায়ে গ্রেপ্তার হওয়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনাকে জাতীয় পরিচয়পত্র প্রদানের সঙ্গে জড়িয়ে ভিত্তিহীন প্রচারিত সংবাদ প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর), ড. মিজানুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ, অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া, ব্যারিস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ইমেইল এবং ডাকযোগে উক্ত নোটিশ পাঠিয়েছেন।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের টেকনিক্যাল এক্সপার্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, সময় টিভির বার্তা প্রধান তুষার আবদুল্লাহ্ এবং রিপোর্টার বেলায়েত হোসেন বরাবর নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর জেকেজির ডাক্তার সাবরিনাকে নির্বাচন কমিশন কর্তৃক দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের উক্ত দুই কর্মকর্তা ড. মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন মানহানিকর বক্তব্য প্রদান করেন এবং সেই খবর অতিরঞ্জিত করে সময় টিভিতে প্রচার করা হয়। ভিত্তিহীন ও বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারণা এবং প্রকাশনার কারণে ড. মিজানুর রহমানের মান-সম্মানের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। এ কারণে এই নোটিশ পাঠানো হয়েছে।❐



