
বাবার কাছে লুডো খেলায় হেরে মামলা করতে আদালতে মেয়ে
ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ২৪ বছর বয়সি এক নারী তার বাবার বিরুদ্ধে পারিবারিক আদালতে আবেদন করেছেন। অভিযোগে তিনি জানান, জনপ্রিয় বোর্ড গেমের লুডুতে তার বাবা তাকে হারিয়ে দিয়েছেন।
ভারতের গণমাধ্যম জানায়, লকডাউন পরিস্থিতিতে তিন বোন তাদের বাবার সঙ্গে লুডো খেলতে শুরু করেন। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই ছোট মেয়ের ঘুঁটি কেটে তাকে হারিয়ে দিতেন বাবা। বার বার এই হার সহজভাবে নিতে পারেন নি তার ছোট মেয়ে। হার মেনে নিতে না পেরে শেষ পর্যন্ত পারিবারিক আদালতের দ্বারস্থ হন তিনি। তার অভিযোগ, তিনি কখনও আশা করেন নি বাবা বারবার তাকে লুডো খেলায় হারাবেন। এটা বিশ্বাস ভঙ্গের পর্যায় পড়ে।
পারিবারিক আদালতের পরামর্শদাতা সরতি রজনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এখনকার দিনে অনেক বাচ্চা ছেলেমেয়েই পরাজয়কে সহজভাবে নিতে পারে না। এ ধরনের ঘটনা তারই ফল।
তিনি বলেন, এখনকার ছেলেমেয়েদের শিখতে হবে জেতার পথে হারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হারের মধ্যে দিয়েই জেতার কৌশল শেখা যায়।
সরিতা জানিয়েছেন, মেয়েটি লুডো খেলায় তার বাবার কাছে হারতে হারতে এমন মানসিক পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি তার বাবাকে একটা সময়ে ‘বাবা’ বলে ডাকতেও অস্বীকার করেন। আগস্ট থেকে তার চারবার কাউন্সিলিং হয়েছে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।❐



