
নিউ ইয়র্কে মা-বাবার সঙ্গে অভিমান করে বাংলাদেশি কলেজছাত্রের আত্মহত্যা
নিউ ইয়র্কে বাবা-মার সঙ্গে অভিমান করে বাংলাদেশি কলেজছাত্র আশফাকুল ইসলাম তৃপ্তি (১৮) আত্মহত্যা করেছে।
জানা যায়, রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর নিউ ইয়র্ক সিটির হাডসন নদী থেকে আশফাকুল ইসলাম তৃপ্তির লাশ উদ্ধার করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর সোমবার জ্যাকসন হাইটস মসজিদে জানাজা শেষে দাফন করা হয় নিউ জার্সি মুসলিম কবরস্থানে।
নিউইয়র্ক মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এবং বরিশাল সদরের সন্তান আরিফুল ইসলাম তুহিনের একমাত্র সন্তান তৃপ্তির অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে কমিউনিটিতে।
মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা জানান, আশফাকুল ইসলাম তৃপ্তি পড়তেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। তার মা আশুরা বেগম এবং বাবা তুহিন আমেরিকান স্বপ্ন পূরণে পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়ায় একটি বাড়ি কেনার চেষ্টা করছিলেন। এনিয়ে একমাত্র সন্তান তৃপ্তির সাথে মতদ্বৈততা দেখা দিয়েছিল।
এক পর্যায়ে ১৩ সেপ্টেম্বর মা-বাবার সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তৃপ্তি জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্টের বাড়ি ছেড়ে চলে যান। দুই-তিন দিনেও তার কোনও খোঁজ পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশে রিপোর্ট করা হয়।
অবশেষে ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পুলিশ তাদের জানায়, হাডসন নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। সেটি তাদের ছেলের কিনা। এ সময় লাশের একটি ছবিও পাঠানো হয়। তা দেখে মুষড়ে পড়েন মা ও বাবা। জানা গেছে, লাশটি নদী থেকে উদ্ধার করা হয় ১৫ সেপ্টেম্বর। অর্থাৎ তৃপ্তি বাড়ি ছাড়ার দুদিন পর। কিন্তু পুলিশের গড়িমসির কারণে তৃপ্তির বাবা-মা ১০ দিন পর ছেলের লাশের সন্ধান পান। এ বিষয় নিয়ে কমিউনিটিতে ক্ষোভ দেখা দিয়েছে।❐



