
ধর্ষণ ও নারী নির্যাতনের অব্যাহত প্রতিবাদে
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল রবিবারও রাজধানীর শাহবাগ, মতিঝিল শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ করে রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন। এসব কর্মসূচি থেকে অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত, আইন প্রণয়নসহ নানা দাবি জানানো হয়।
গতকাল দিনভর রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বাম জোট। তারা আলোকচিত্র প্রদর্শন করে। এতে বিগত সময়ের ধর্ষণ ও নারী নির্যাতনের নানা ঘটনার চিত্র তুলে ধরা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনসহ ছয় দফা দাবি জানিয়ে গতকাল আইনমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোট। আর ৯ দফা দাবি আদায়ে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। আইনমন্ত্রীকে দেওয়া স্মারকলিপির বিষয়ে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোটের আহ্বায়ক শিবলী হাসান বলেন, ‘ধর্ষণের বিচার নিশ্চিতে বেশকিছু প্রতিবন্ধকতা রয়েছে। এর মধ্যে রয়েছে ভিকটিম বা তার পরিবারের অনাগ্রহ, ভিকটিমের ওপর দোষ চাপানো, বিচারে সাক্ষীর অনুপস্থিতি, সাক্ষীদের হুমকি, মামলার দীর্ঘসূত্রতা। ২০১৯ সালে হাইকোর্ট যৌন হয়রানি প্রতিরোধে প্রতিটি থানায় আলাদা সেল গঠনের নির্দেশ দিলেও এখনো তা বাস্তবায়ন হয় নি।’
শাহবাগে আলোকচিত্র প্রদর্শনীর বিষয়ে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা আলোকচিত্র প্রদর্শনী করেছি। আজ (গতকাল) আমরা কোনো কথা বলব না। ছবি কথা বলবে।’ তিনি আরও বলেন, ‘সবুজ পাহাড় আর সবুজ নেই। সমতলে আমরা নারী নির্যাতনের যতটুকু দৃশ্য উন্মোচন করতে পারি সে পরিমাণ পাহাড়ের চিত্র তুলে আনতে পারি না। পাহাড়-সমতল সব ঘটনার বিচার চাই, আমাদের ৯ দফা দাবীর বাস্তবায়ন চাই।’
এদিকে হত্যা, ধর্ষণ, নির্যাতন, যৌন নিপীড়ন ও প্রহসনের বিরুদ্ধে ৯ দফা দাবিতে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। সংগঠনের আহ্বায়ক মেহেদি হাসান বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাব।’
এছাড়া গতকাল বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় দোষীদের বিচারের মুখোমুখি করার দাবী জানিয়ে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। ধর্ষণবিরোধী আন্দোলনের ব্যানারে তারা একপর্যায়ে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। এতে যানজট দেখা দেয়।
এ সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে, ধর্ষকদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে’ বিভিন্ন স্লোগান দেন।❐



