ব্রিটিশদের লোক দেখানো বন্ধুত্ব বাদ দিতে বললেন ম্যাক্রোঁ
যুক্তরাজ্য এখন আর ইউরোপিয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয়। অনেক তিক্ততার মধ্য দিয়ে ইউরোপ থেকে বের হয়েছে যুক্তরাজ্য। ব্রেক্সিট ঠেকাতে ইউনিয়নভুক্ত দেশগুলো কম চেষ্টা করে নি। এই বিচ্ছেদের ফলে যুক্তরাজ্যের যতটা আর্থিক ক্ষতি হচ্ছে, তারচেয়েও বেশি হচ্ছে ইইউয়ের।
ফলে ইইউর শীর্ষ অর্থনীতির দেশগুলো যুক্তরাজ্যকে এখন আর মিত্র হিসেবে দেখছে না। যুক্তরাজ্যের সঙ্গে ইতোমধ্যেই ইউরোপের দেশগুলোর বাণিজ্যিক টানাপড়েন শুরু হয়েছে।
বাণিজ্য চালু রাখতে উভয় পক্ষের মধ্যে নতুন চুক্তি হলেও তাতে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপড়েন যায় নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যধিক মাখামাখিও ভালো দৃষ্টিতে দেখছে না যুক্তরাজ্যের প্রতিবেশীরা। এ নিয়েই যেন হালকা হুঁশিয়ারি দিয়ে দিলেন ফরাসি প্রেসিডেন্ট। ব্রিটিশদের লোক দেখানো বন্ধুত্ব বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘ব্রিটেন কোন রাজনীতি বেছে নেবে? এটা যুক্তরাষ্ট্রের সেরা মিত্র, ইইউর সেরা মিত্র এবং নতুন সিঙ্গাপুর হতে পারে না। তাদের যে কোনও একটা কৌশল বেছে নিতে হবে। আমার মনে হয় দেশটির (যুক্তরাজ্য) নেতারা এই সব কৌশলই বিক্রি করেছেন। তারা যদি পুরোপুরি ট্রান্সআটলান্টিক নীতি নিয়ে থাকেন, তাহলে আমাদের (ইইউ) এর স্পষ্টতা দরকার। কারণ তখন নিয়ম এবং বাজার ব্যবস্থায় পরিবর্তন আসবে।’
ম্যাক্রোঁ আরও বলেন, ‘যুক্তরাজ্য যদি নতুন সিঙ্গাপুর হতে চায়, যেটা তারা একসময় হতে চেয়েছিল আমি জানি না কী হবে। এই সিদ্ধান্ত আমার না। তবে আমি সুষ্ঠু, শান্তিপূর্ণ সম্পর্ক চাইব। আমাদের ভাগ্য পরস্পর সংযুক্ত, আমাদের বুদ্ধিবৃত্তিক পদক্ষেপ সংযুক্ত। আমাদের গবেষক এবং শিল্পপতিরা একসঙ্গে কাজ করেন আমি সার্বভৌম দেশ ও মহাদেশে বিশ্বাস করি, নব্য-জাতীয়তাবাদে নয়।’
ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্দেশে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘অভিন্ন উচ্চাকাঙ্ক্ষা এবং একটি অভিন্ন লক্ষ্যের জন্য আমি রয়েছি। আশা করি বরিস জনসনও সেই পথে থাকবেন। কারণ আমার ধারণা, ব্রিটিশ জনগণ সেটাই চায়। আমরা মিত্র থাকি। ইতিহাস এবং ভূগোল পরিবর্তিত হয় না। তাই আমার মনে হয় না, ব্রিটিশ জনগণের লক্ষ্য আমাদের চেয়ে আলাদা।’
এ সময় ভ্যাকসিন, ব্রেক্সিট এবং করোনাজনিত সমস্যায় পরস্পরকে দোষারোপের প্রসঙ্গ উল্লেখ করলে ম্যাক্রোঁ কিছুটা কৌতুক করেই বলেন, ‘যখনই ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে কোনও ঝামেলা হয়, ব্রিটিশরা ফ্রান্সকে ও আমাকে দোষারোপ করতে ভালোবাসে, আর বলতে থাকে, এর জন্য আমরাই দায়ী। আমি এটা মেনে নিয়েছি।’
এদিন কোনও রাখঢাক না করেই ফরাসি প্রেসিডেন্ট সরাসরি বলেন, ‘আমি আগেও বলেছি, ব্রেক্সিট ভুল বলে মনে করি। আমি জনগণের সার্বভৌমত্বকে সম্মান করি এবং জনগণ ভোট দিয়েছে। সুতরাং এটা হতেই হতো। কিন্তু আমার মনে হয়, সেই ভোট ছিল অনেক মিথ্যার ভিত্তিতে এবং এখন আমরা দেখতেই পাচ্ছি, এটি অনেক বিষয় কঠিন করে তুলেছে।’❐



