
লক্ষ্মীপুরে নিজের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের স্ত্রীর করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সদর উপজেলার দত্তপাড়া থেকে হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে এদিন সকালে স্বামীর বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার স্ত্রী। মামলার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
হোসেন দত্তপাড়ার হোসেনপুর গ্রামের মৃত সফি উল্যার ছেলে। তিনি নোয়াখালীতে ভাঙারি ব্যবসা করেন।
এজাহার সূত্রে জানা গেছে, ১০ বছর বয়সী মেয়েকে নানা অজুহাতে মাসের পর মাস যৌন হয়রানি করে আসছিল হোসেন। বিষয়টি মায়ের নজরে এলে মেয়েকে নানার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তবু ক্ষান্ত হন নি হোসেন। শ্বশুরবাড়িতে গিয়ে আবার মেয়ের গায়ে হাত দেন তিনি।
মামলার বাদী বলেন, ‘আমার স্বামী মাসের পর মাস মেয়েকে যৌন হয়রানি করত। ঘটনাটি আঁচ করতে পেরে মেয়েকে আমি আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেই। কিন্তু তাতেও রক্ষা হলো না। এ জন্য বাধ্য হয়ে মামলা করেছি।’
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ‘মেয়েকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’❐



