
চট্টগ্রামে ইয়াবার বিশাল চালান আটক
রূপসী বাংলা ডেস্ক:চট্টগ্রামে ১৩ লাখ পিস ইয়াবার একটি চালান উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বন্দরনগরীর হালিশহর থানার শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকার জেড এস এঞ্জেন্স বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে এসব ইয়াবা উদ্ধার করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) একটি গোয়েন্দা দল। এ সময় একটি প্রাইভেটকারসহ দুই সহোদরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীটি।
সিএমপি সূত্র জানায়, হালিশহর থানাধীন শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকার জেড এস এঞ্জেন্স বিল্ডিং, চতুর্থ তলায় বৃহস্পতিবার রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার ডিবি (পশ্চিম) মো. মঈনুল হোসেন। সঙ্গে ছিলেন মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান, এসআই আবদুর রব ও শিবু প্রসাদ চন্দ।
এ সময় দুই বস্তায় ৩০টি বড় প্যাকেটে তিন লাখ এবং নিচে পার্কিংয়ে থাকা প্রাইভেটকারে (চট্ট মেট্রো-গ-১১-৫৯২৪) থেকে পাঁচ বস্তায় ১০০টি বড় প্যাকেটে দশ লাখসহ মোট ১৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
গ্রেপ্তার দুই আসামি হলেন আশরাফ আলী (৪৭) ও হাসান(২২)। তারা সহোদর। তাদের বাবার নাম মৃত তৈয়ব। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তাদের বাড়ি। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, আশরাফ আলী ১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সৌদি আরবে ছিলেন। সে সময় রোহিঙ্গা আব্দুর রহিমের সঙ্গে তার পরিচয় হয়। আব্দুর রহিম মিয়ানমারের নাগরিক লা-মিম এর সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন। গত বছর আশরাফ আলী সৌদি আরব থেকে দেশে চলে আসেন। আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করে বেশ কয়েকবার মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার চালান আনেন। গত ৭ এপ্রিল আশরাফ আলী বিমানে ঢাকা থেকে রেঙ্গুন যান।
রোহিঙ্গা আব্দুর রহিমসহ রেঙ্গুনে একটি হোটেলে অবস্থান করেন। পরে মিয়ানমারের নাগরিক লা-মিম থেকে ইয়াবা সংগ্রহ করার পর সাগর উত্তাল থাকায় রওয়ানা দিতে দেরি হয়। ৩০ এপ্রিল রেঙ্গুন থেকে একটি ট্রলার ও স্পিডবোডসহ ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে রওয়ানা হন।
সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্রে ট্রলার থেকে ইয়াবা ট্যাবলেটগুলো স্পিডবোডে স্থানাস্তর করে আসামি আশরাফ আলী নিজেই স্পিডবোড চালিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাস্তায় কুতুবদিয়া চ্যানেলে ঝড়ের কবলে পড়ে স্পিডবোড উল্টে গেলে স্থানীয় মাছ ধরা ট্রলারদের সহায়তায় ইয়াবা ট্যাবলেটের বস্তাগুলো উদ্ধার করেন আশরাফ। ট্রলারের মাঝিদের তিনি জানান, মিয়ানমার থেকে বিভিন্ন কসমেটিকস এনেছেন। মাছ ধরা ট্রলারের সহায়তায় ইয়াবার বস্তা ভাটিয়ালী জেলেপাড়া ঘাটে নিয়ে আসেন আশরাফ। পরে শহরে এনে রাখেন।



