প্রধান খবরবিজ্ঞান ও প্রযুক্তি

কয়েক দফা পেছানোর পর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের নতুন তারিখ ১০ মে

রূপসী বাংলা ডেস্ক:কয়েক দফা পেছানোর পর বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আগামী বৃহস্পতিবার (১০ মে) নতুন তারিখ ঠিক করা হয়েছে। এ খবর জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রধান শাহজাহান মাহমুদ।

শাহজাহান মাহমুদ সোমবার জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইতোমধ্যে পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় সব ঠিকঠাকই আছে। আগামী ১০ মে বিকাল ৪টায় (যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইস্টার্ন টাইমজোন) এটি উৎক্ষেপণ হবে বলে স্পেসএক্স নিশ্চিত করেছে।

স্বপ্নের বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালে অবস্থিত স্পেস এক্সের লঞ্চ প্যাডে। ওই লঞ্চ প্যাড থেকেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। স্যাটেলাইট পাঠানোর কাজটি বিদেশে হলেও এটি নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশ থেকেই। এজন্য গাজীপুরের জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায় দুটি গ্রাউন্ড স্টেশন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যা নিয়ন্ত্রণে ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের যন্ত্রপাতিও আমদানি করেছে বিটিআরসি।

এর আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়েছিল উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স। শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডোতে নাসা’র ব্লক-৫ এ তারা এই পরীক্ষা চালায়। এখান থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আগামী সপ্তাহে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে পাঠানো হতে পারে জানিয়ে শুক্রবার রাতে একটি টুইট বার্তা দিয়েছিল স্পেসএক্স।

এর আগে কয়েক দফা পিছিয়ে ৭ মে এটি উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ওই তারিখে এটি উৎক্ষেপণ করা সম্ভব হবে না বলে গত বুধবার (২ মে) জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তবে তখন উৎক্ষেপণের  কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। মোস্তফা জব্বার কেবল বলেছিলেন, ‘এখানে তো আমাদের কোন হাত নেই। এটা একটা বড় কাজ। নতুন দিনক্ষণ হলে আমরা সবাইকে জানিয়ে দেব।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension