আন্তর্জাতিক

ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব

পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। মসজিদের ভেতর নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, তুরস্ক, বাংলাদেশসহ প্রায় সব মুসলিম দেশ। তবে এই ইস্যুতে অনেকটাই নমনীয় সুর পশ্চিমাদের।

মসজিদে ইসরায়েলি তাণ্ডব নিয়ে বেশি কিছু না বললেও তারা সরব হয়েছে ইসরায়েলের দিকে হামাসের রকেট ছোড়া নিয়ে। গত সোমবার ভোরে আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালানোর পর সন্ধ্যায় গাজায় বিমান হামলা চালিয়েছে তারা। এতে প্রাণ হারিয়েছে শিশুসহ অন্তত ২২ জন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলিদের এই বর্বর আচরণের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দেশ ও সংগঠন।

আল-আকসায় ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল মঙ্গলবার ভোরে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-আকসা মসজিদে মুসল্লিদের নিরাপত্তা ও সুরক্ষানীতি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলি বাহিনীর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এই ঘটনার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা এবং আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা লঙ্ঘন করে যেকোনো ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি।

গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। হামলার পর তিনি ফিলিস্তিনি নেতাদের কাছে ফোন করে ইসরায়েলের ‘সন্ত্রাস ও দখলদারিত্ব’ প্রতিরোধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ইসরায়েলের বিরুদ্ধে ‘মানুষের ভূমি ও বাড়ি চুরি’ এবং একটি ‘বর্ণবাদী সরকার ব্যবস্থা’ গড়ে তোলার অভিযোগ করেছেন। ইসরায়েল অবৈধভাবে দখল করে রাখা এলাকার বাসিন্দাদের টিকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে এবং আল-আকসা মসজিদের ভেতর ‘নিরীহ মুসল্লিদের’ ওপর গুলি চালিয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী কায়দায় হামলা, শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ করে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর নতুন আক্রমণ’-এর তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, আল-আকসা মসজিদ ও শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত বরদাশত করা হবে না। এক টুইটে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ইন্দোনেশিয়া ইসরায়েলের এ ধরনের পদক্ষেপের নিন্দা এবং বারবার আইন লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে। ইন্দোনেশিয়া সব সময় ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension