
রাজধানীর মহাখালী থেকে উদ্ধার মাথা ও হাত পাবিহীন লাশটি ময়না মিয়ার (৩৮)। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ থানার বাসিন্দা। পারিবারিক কলহের কারণে প্রথম স্ত্রী তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পাঁচ টুকরো করে ৩টি পৃথক স্থানে ফেলে দেয়।
বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, রবিবার রাতে মহাখালী আমতলী থানা এলাকা থেকে একটি মাথা ও হাত-পাবিহীন লাশ উদ্ধার হয়। একই রাতে মহাখালী বাস টার্মিনাল এলাকার একটি ডাস্টবিন থেকে ময়না মিয়ার কাটা দুই হাত-পা উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
তিনি বলেন, সোমবার বিকালে মাহখালী ওয়্যারলেস এলাকার টিঅ্যান্ডটি মাঠ সংলগ্ন ঝিল থেকে উদ্ধার করা হয় মাথা। পরে পুলিশ জাতীয় পরচিয়পত্রের সার্ভারের আঙুলের ছাপ মিলিয়ে ময়না মিয়ার পরিচয় শনাক্ত হয়।
সুরতহাল প্রতিবেদন থেকে পুলিশ নিশ্চিত হয়েছে হাত, পা, মাথা ও শরীরের অংশ একই ব্যক্তির। নৃশংস এই হত্যাকাণ্ডের মোটিভ দ্রুততার সঙ্গে উদঘাটন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
এ বিভাগের উপকমিশনার মশিউর রহমান দেশ রূপান্তরকে বলেন, পারিবারিক কলহের কারণে তার প্রথম স্ত্রী ফাতেমা আক্তার শিল্পী তাকে হত্যার পর লাশ টুকরো টুকরো করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত ময়না মিয়া একাধিক বিয়ে করেছেন একং তিনি প্রথম স্ত্রীর খোঁজখবর নিতেন না। উল্টো যৌতুকের জন্য মারধর করতেন। এ বিষয়ে মঙ্গলবার ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে
এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি বিপ্লব কিশোর শীল বরেন, আমাদের থানা এলাকায় অর্থাৎ মহাখালী বাস টার্মিনাল এলাকায় ডাস্টবিন থেকে কাটা অবস্থায় ওই মরদেহটির হাত-পা উদ্ধার করা হয়। পরে দুই থানার সুরতহাল প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে কাটা হাত-পা এবং কাটা শরীর ও মাথা একই ব্যক্তির।
বিপ্লব কিশোর শীল আরো বলেন, আমরা কাটা হাতের আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের ডাটা সার্ভারে মেলাতে থাকি। মেলানোর একপর্যায়ে নিহতের জাতীয় পরিচয়পত্রটি আমরা খুঁজে পাই মাধ্যমে। তার নাম ময়না মিয়া। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, ময়না মিয়া দুই বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্ত্রীর বাড়ী কিশোরগঞ্জে। তিনি প্রথম স্ত্রী শিল্পীকে নিয়ে ঢাকায় থাকতেন। শিল্পীকে শনাক্ত করা হলেও সোমবার বিকাল পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
বনানী থানা পুলিশ জানায়, কিশোরগঞ্জের শ্বশুর বাড়িতে খবর দেওয়া হয়েছে, তার দ্বিতীয় স্ত্রী ঢাকায় আসার পর বনানী থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছে পুলিশ।



