
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বহুতল ভবন ধস: নিহত ১, নিখোঁজ ৯৯
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি ১২ তলা ভবন ধসের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ৯৯ জন।
তবে ভবনটিতে মোট কত মানুষ ছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। শুক্রবার (২৫ জুন) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, নিখোঁজদের মধ্যে বেশ কিছু ল্যাটিন আমেরিকান অভিবাসী আছে বলে জানিয়েছে তাদের দূতাবাস। প্যারাগুয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্যারাগুয়ের ফার্স্ট লেডির এক আত্মীয়ও নিখোঁজ আছেন। কী কারণে এই ধস ঘটল তা এখনো জানা যায় নি।
ভবনটি নির্মাণ করা হয়েছিল ১৯৮০ সালে। এতে ১৩০টি ইউনিট ছিল। এই ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিনির্বাপণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার কাজে প্রশিক্ষিত কুকুর এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে।



