
ভারত
কর্ণাটকে প্রোটেম স্পিকার নিয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস-জেডিএস, আজ সকালে শুনানি
রূপসী বাংলা ডেস্ক:কর্ণাটক নিয়ে ফের সুপ্রিম কোর্টে কংগ্রেস-জেডিএস। বিজেপি বিধায়ক কে জি বোপাইয়াকে বিধানসভার প্রোটেম স্পিকার নিয়োগের বিরোধিতায় ফের মামলা ঠুকেছে তারা। আজ বেলা ১০টায় এই মামলার শুনানি।
আজই কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। তার আগে ‘ঘোড়া কেনাবেচা’-র অভিযোগ নিয়ে রাজনৈতিক তরজা চলছিল। এর সঙ্গে যোগ হয়েছে প্রোটেম স্পিকার নিয়োগ বিতর্ক। কংগ্রেস-জেডিএস সুপ্রিম কোর্টে যে রিট পিটিশন দাখিল করেছে, তাতে দাবি করা হয়েছে, প্রোটেম স্পিকার নিয়োগ করা অসাংবিধানিক। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেছেন, বর্তমানে যে বিধায়করা আছেন, তাঁদের মধ্যে যিনি সবচেয়ে অভিজ্ঞ, তাঁকেই প্রোটেম স্পিকার নিয়োগ করা উচিত ছিল রাজ্যপাল বাজুবাই ভালার। কিন্তু সেটা না করে তিনি অসাংবিধানিক কাজ করেছেন।



