
মিশিগানে হবিগঞ্জবাসীর মিলনমেলা
আমেরিকার মিশিগানে আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জবাসীর বনভোজন। রোববার (২৯ আগস্ট) ওয়ারেন সিটির হলমিছ পার্কে সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন এ বনভোজন করেছে। এতে মিশিগান স্টেটে বসবাসরত হবিগঞ্জবাসীসহ বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বিকাল ৩টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশেনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বনভোজনের উদ্বোধন ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ওয়াহিদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ আলী রেজা, আলী আকবর খান, আনোয়ার হোসেন, হ্যামট্রামিক সিটির বর্তমান কাউন্সিলর কামরুল হাসান, কাউন্সিলর প্রার্থী আবু আহমেদ মুছা, মুহিত মাহমুদ, বাংলা প্রেস ক্লাব সভাপতি হেলাল উদ্দিন রানা, সেক্রেটারি ইকবাল ফেরদৌস, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য, মিশিগান বিএনপি সেক্রেটারি সেলিম আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম) সভাপতি জাবেদ চৌধুরী প্রমুখ।
বনভোজন বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক তোফায়েল রেজা সোহেল জানান, অনুষ্ঠানে হবিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। ব্যানারে শোভা পেয়েছে ঐতিহাসিক সাগরদীঘি, পাহাড়, হাওর ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানসহ হবিগঞ্জের ঐতিহাসিক দর্শনীয় স্পটের ছবি। হবিগঞ্জের সংস্কৃতিকে বিদেশিদের কাছে সমৃদ্ধ করতে আয়োজকরা ভূমিকা রাখছেন।
অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক আশরাফ খান সুমন জানান, করোনায় দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর আজ এ বনভোজনে আমরা একসঙ্গে মিলিত হয়েছি। ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার ব্রত নিয়ে আমাদের এই মিলনমেলা।
অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বনভোজন বাস্তবায়ন কমিটির আহবায়ক সাংবাদিক মোস্তফা কামাল জানান, সারাদিন খোশগল্প, খেলাধুলা এবং হৈ-হুল্লোড় করে খানিকটা ক্লান্ত হলেও সবাই ঘরে ফিরেছেন ভালোলাগা নিয়েই।



