
ফোবানার প্রতিবাদ
যুক্তরাষ্ট্রে বাঙালিদের সংগঠ ফোবানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওয়াশিংটনে ফোবানায় মারামারি সংক্রান্ত একটি ভিডিও ও ৩৫তম ফোবানা নিয়ে প্রকাশিত কিছু সংবাদ তাদের দৃষ্টিগোচর হয়েছে যার সাথে প্রকৃত ফোবানার কোনো সম্পৃক্ততা নেই।
সংবাদ বিজ্ঞপ্তিতে ফোবানা জানায়, ১৯৮৭ সালে যে ফোবানার জন্ম ওয়াশিংটনে হয়েছিল সেই ফোবানার নাম ও লোগো রেজিষ্ট্রেশন, প্যাটেন্ট এবং ট্রেডমার্ক করা আছে যা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহার আইনগতভাবে অবৈধ।
গত লেবার ডে উইকেন্ডে ফোবানার নাম ব্যবহার করে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মারামারির ঘটনায় ফোবানার কোনো সম্পৃক্তততা নেই বলে সংবাদ বিজ্ঞপ্তিতে তারা দাবি করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ফোবানা আরও জানায়, ২০১৯ সালে নিউ ইয়র্কের নাসাউ কলোসিয়ামে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনের পর সংগঠনবিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে শরাফত হোসেন বাবু এবং তার সংগঠন স্বদেশকে ফোবানা থেকে বহিস্কার করা হয়। ফোবানা থেকে বহিস্কৃত হয়ে শরাফত হোসেন বাবু অবৈধভাবে গত লেবার ডে উইকেন্ডে ফোবানার নাম ব্যবহার করে একটি মেলার আয়োজন করে এবং সেই অনুষ্ঠানে সংঘটিত মারামারির ঘটনার ভিডিও ভাইরাল হয়ে ফোবানার নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যার সাথে প্রকৃত ফোবানার কোনো সম্পৃক্ততা নেই।
২০১৯ সালে নাসাউ কলোসিয়ামে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনের বাৎসরিক সাধারণ সভায় ভোটাভুটির মাধ্যমে ২০২১ সালে ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজন করবার জন্য আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি নির্বাচিত হয় এবং এই সম্মেলন আগামী নভেম্বর মাসের ২৬, ২৭ ও ২৮ তারিখ যথাক্রমে শুক্র, শনি ও রোববার অনুষ্ঠিত হবে। ফোবানা থেকে বহিষ্কৃত কোনো ব্যক্তি বা সংগঠন কর্তৃক আয়োজিত লেবার ডে উইকেন্ডে ফোবানার নামে অনুষ্ঠিত কোনো মেলার মারামারির ঘটনার সাথে ফোবানার কোনো সম্পৃক্ততা নেই।



