খেলাযুক্তরাষ্ট্র

মিলিয়ন ডলারে বিক্রি হলো মোহাম্মদ আলীর আঁকা ছবি

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা হেভিওয়েট মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর আঁকা কিছু ছবি সম্প্রতি নিলামে তোলা হয়েছিল। সেখানে সেই ছবিগুলো ১০ লাখ ডলারে বিক্রি হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহামস অকশন হাউসে মোহাম্মদ আলীর ২৬ টি চিত্রকর্ম নিলামে তোলা হয়।

এসব চিত্রকর্মের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ‘মৌমাছির মতো দংশন’ (স্টিং লাইক এ বী) পেইন্টিংটি। একজন ক্রেতা ছবিটি ৪ লাখ ২৫ হাজার ডলারে কিনে নিয়েছেন।

মোহাম্মদ আলীর আসল নাম ছিল ‘ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র’। তিনি ১৯৪২ সালে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলা শহরে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে মাত্র ২২ বছর বয়সে তৎকালীন হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন সলি লিস্টনকে পরাজিত করে বিশ্বসেরা হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে হৈ-চৈ ফেলে দেন তিনি।

পরের বছর ১৯৬৫ সালে নেশন অব ইসলাম নামের সংস্থায় যোগ দিয়ে তিনি নিজের নাম পরিবর্তন করে মোহাম্মদ আলী রাখেন। ১৯৭৫ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

মোহাম্মদ আলী পেশাদার জীবনে মোট ৬১ টি হেভিওয়েট বক্সিং ম্যাচে অংশ নিয়েছেন , তার মধ্যে জয় পেয়েছেন ৫৬ টিতে। ১৯৮০ সালে বক্সিং থেকে অবসর নেন তিনি।

বিশ্বের সর্বকালের সেরা এই মুষ্টিযোদ্ধা একাধারে কবি ও বর্ণবাদবিরোধী আন্দোলনকর্মী ছিলেন। এসবের পাশাপাশি তিনি যে একজন চিত্রশিল্পীও ছিলেন, তা এই প্রথম জানল বিশ্ববাসী।

নিলামে এসব চিত্রকর্ম তোলার আগে বোনহামস অকশন হাউসের পপুলার কালচার বিভাগের পরিচালক হেলেন হল এক সাক্ষাৎকারে বলেন, মোহাম্মদ আলী ছিলেন একটি প্রজন্মের সাংস্কৃতিক আইকন। তার আঁকা যে ছবিগুলো আমরা পেয়েছি সেগুলোর মধ্যে বক্সিং, নাগরিক অধিকার, ধর্ম, বিশ্বশান্তি ও মানবতা প্রাধান্য পেয়েছে। এগুলো তার হৃদয়ের সঙ্গে সম্পর্কিত ছিল।

নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ছবি ‘মৌমাছির মত দংশন’ চিত্রকর্মটি ১৯৭৮ সালে এঁকেছিলেন মোহাম্মদ আলী।

দীর্ঘদিন ধরে মস্তিষ্কের রোগ পার্কিন্সন্সে ভোগার পর ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মারা যান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension