
চেক ক্লিয়ারিংয়ে নতুন সূচি আজ থেকে
চলমান বিধি-নিষেধ শিথিল হওয়ায় আজ বুধবার থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম চলবে। এ সময় নিরবচ্ছিন্ন ব্যাংকিংসেবা অব্যাহত রাখতে আন্ত ব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এসংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
নতুন সার্কুলার অনুযায়ী, বুধবার বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস, স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)—এই তিন প্ল্যাটফর্মের কার্যক্রম চালু থাকবে।
এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে। এ ছাড়া বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (পাঁচ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেকের (পাঁচ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৫টার মধ্যে নিষ্পত্তি হবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার ঘোষিত বিধি-নিষেধের দিনগুলোতে এই সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ। আরটিজিএসের লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
তবে কাস্টমস শুল্ক-করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্ত ব্যাংক লেনদেন আরটিজিএসের মাধ্যমে বিকেল ৫টা পর্যন্ত পরিশোধ করা যাবে। বিইএফটিএন সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।



