
যুক্তরাষ্ট্রে হ্যালোউইন উদযাপনের সময় নিহত ১২
যুক্তরাষ্ট্রে হ্যালোউইন উদযাপনের সময় বিভিন্ন জায়গায় বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৫২ জন।
যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভ জানিয়েছে, শনি ও রবিবার ৭ অঙ্গরাজ্যে অন্তত ১১টি আলাদা বন্দুক হামলার ঘটনা ঘটে।
ইলিনয়ে ঘরোয়া একটি পার্টিতে ২ জন নিহত হয়েছে। কলোরাডোতে গোলাগুলিতে নিহত আরও ২ জন। এছাড়া কেন্টাকির লুইভিলে দুজনের মৃত্যু হয়েছে। টেক্সাসে আলাদা হামলার ঘটনায় দুইজন মারা গেছেন।
এর আগে শনিবার ক্যালিফোর্নিয়ায় সিটি কাউন্সিল সদস্যের বাসায় কথা কাটাকাটির পর বন্দুক হামলা চালায় হামলাকারী। এঘটনায় একজন নিহত হয়। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে হামলাকারী। স্যাক্রামেন্টোতে হ্যালোউইনের পার্টিতে গোলাগুলির পর দুই জনের মৃত্যু হয়।
এছাড়া ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে বক্সিং ম্যাচ চলার সময় গোলাগুলিতে ১ জনের মৃত্যু হয়। ওকলাহোমাতে গোলাগুলির ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছে ৪ জন।



